বেতন না দিয়ে কারখানা বন্ধ, বিপাকে শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় বেতন পরিশোধ না করে ওটু অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে কারখানাটির শতাধিক শ্রমিক-কর্মচারী বেকায়দায় পড়েছেন।

শ্রমিকেরা বলেন, ১০ অক্টোবর কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। ওই সময় গত সেপ্টেম্বরসহ চলতি মাসের বেতন পরিশোধ করা হয়নি। বেতন দেওয়ার কথা বলে দফায় দফায় দিন ধার্য করার পর কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এরপর তাঁরা বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে আশুলিয়া থানা, শিল্প পুলিশসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের কাছে যান। এরপরও কাজ না হওয়ায় তাঁরা গতকাল শনিবার ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের কার্যালয়ে আসেন।

ডিবির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ দিলে মালিকপক্ষকে নোটিশ দিয়ে ডেকে এনে বকেয়া বেতন আদায়ের চেষ্টা করা হবে।

বন্ধ হয়ে যাওয়া কারখানাটির কর্মকর্তা জোবায়দুল ইসলামসহ কয়েকজন শ্রমিক বলেন, নয় মাস আগে কারখানাটি চালু হয়। সাত মাস ধরে নিয়মিত বেতন দেওয়া হচ্ছিল না। এ কারণে অনেকেই চাকরি ছেড়ে যান। এসব শূন্যপদে নতুন লোক নেওয়া হয়। এরপর কারখানা বন্ধ করে দেওয়া হয়।

শ্রমিকেরা আরও বলেন, গত মাসের বেতন পরিশোধ না করেই কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়। সে সময় ২০ অক্টোবর (গত বৃহস্পতিবার) বেতন পরিশোধের কথা বলা হয়েছিল। ওই দিন বেতন না পেয়ে তাঁরা শিল্প পুলিশ ও আশুলিয়া থানায় যোগাযোগ করে বেতন আদায়ে সাহায্য কামনা করেন। কিন্তু থানা ও শিল্প পুলিশ কয়েক দফা চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর তাঁরা গতকাল সাভারে ডিবির কার্যালয়ে ধরনা দেন।

শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের জানা আছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কারখানা বন্ধ থাকায় এ ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।