বেতন, বোনাস না পেয়ে মালিকের সন্তানকে অপহরণ
বেতন-বোনাস না পেয়ে কারখানার মালিকের শিশুসন্তানকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতে গিয়ে ধরা পড়েছে দুই শ্রমিক। অপহরণের এক দিন পর গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১৬ মাস বয়সী অপহৃত শিশু জুবায়েরকে উদ্ধার করেছে র্যা ব।
এ সময় র্যা বের সদস্যরা রমজান আলী ও স্বপন নামে দুই কিশোরকে আটক করেন। দুজনের বয়স যথাক্রমে ১৬ ও ১৪।
র্যা বের কর্মকর্তারা বলেন, উদ্ধার হওয়া শিশু জুবায়েরের বাবা মো. শামীমের কামরাঙ্গীরচরে মানিব্যাগ তৈরির কারখানা রয়েছে। রমজান ও স্বপন সেখানে কাজ করে। বকেয়া বেতন ও বোনাস না দেওয়ায় তারা শিশুটিকে অপহরণ করেছিল।
এ ব্যাপারে মো. শামীম গত মঙ্গলবার সকালে র্যা ব-২ কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন, তাঁর শিশুসন্তানকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাজারীবাগের বাসা থেকে কে বা কারা অপহরণ করেছে। তাঁর মুঠোফোনে ছেলের মুক্তির জন্য দুই লাখ টাকা দাবি করছে অপহরণকারীরা। এরপর র্যা ব-২-এর একটি দল শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। গতকাল সকালে র্যা বের দলটি শিশুটির বাবাকে দিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের টাকা দিতে চায়। তখন অপহরণকারীরা শিশুটির বাবাকে যাত্রাবাড়ীর উড়ালসড়কের নিচে টাকা নিয়ে আসতে বলে। ছদ্মবেশে র্যা ব সদস্যরা সেখানে অভিযান চালান এবং রমজান ও স্বপনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে জুবায়েরকে উদ্ধার করা হয়।
র্যা ব-২-এর পরিচালক এস এম মাসুদ রানা বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া রমজান আলী জানায়, তাদের মালিক শামীম বকেয়া বেতন ও ঈদের বোনাস দেওয়ার নামে টালবাহানা শুরু করে। বেতন-বোনাস না পাওয়ার ক্ষোভে এবং কারখানার মালিকের কাছ থেকে বেশি টাকা আদায় করতে সে তার বন্ধু স্বপনের সহযোগিতায় শিশুটিকে অপহরণ করে।
র্যা বের এই কর্মকর্তা বলেন, শিশুটিকে তার মা-বাবার কাছে ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় অপহরণ মামলা হয়েছে।