বেতনের দাবিতে তোবা গ্রুপের মালিকের স্বজনেরা অবরুদ্ধ
তোবা গ্রুপের পাঁচটি পোশাক কারখানার শ্রমিকেরা এখনো বেতন ও ঈদের বোনাস পাননি। বেতন-ভাতার দাবিতে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের দুই স্বজনকে কারখানা ভবনে অবরোধ করে রাখেন পোশাকশ্রমিকেরা।
রাজধানীর উত্তর বাড্ডায় তোবা গ্রুপের কারখানা ভবনে গত শুক্রবার বিকেল থেকে তিন মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকেরা দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগম ও শ্যালক রুবেল হোসেনকে অবরোধ করে রাখেন। অবশ্য গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রুবেল হোসেনকে বেতন-ভাতার অর্থ জোগাড়ের জন্য কারখানা থেকে বের হওয়ার সুযোগ দেন শ্রমিকেরা।
বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, তোবা গ্রুপকে শেষ পর্যন্ত ঋণ দিতে রাজি হয়েছে ব্যাংক। ফলে আজ রোববার শ্রমিকেরা এক মাসের বেতন ও ঈদ বোনাস পাবেন।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ জন শ্রমিক নিহত হন। এ ঘটনায় করা মামলায় ৯ ফেব্রুয়ারি থেকে দেলোয়ার হোসেন কারাগারে। শ্রমিকনেতাদের অভিযোগ, দেলোয়ার হোসেনকে মুক্ত করতে বেতন-ভাতা বন্ধ করে একধরনের কৌশলের আশ্রয় নিয়েছে মালিকপক্ষ।