বেতনের দাবিতে পোশাক কারখানায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় জুলাই মাসের বেতনের দাবিতে ‘সাদসান গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। তাঁদের ছোড়া ইট-পাটকেলে পুলিশের পাঁচ সদস্য আহত হন।
পোশাক শ্রমিকদের ভাষ্য, ঈদের আগে জুলাই মাসের প্রথম ১৫ দিনের বেতন দেওয়ার কথা বলে শ্রমিকদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে নেন কারখানা কর্তৃপক্ষ। কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেননি। এতে সাধারণ শ্রমিকেরা বিক্ষুব্ধ হওয়াই স্বাভাবিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার বেতন দেওয়ার কথা থাকলেও শ্রমিকেরা কারখানায় এসে দেখেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ আসেননি। দুজন কর্মকর্তা উপস্থিত থাকলেও তাঁরা শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব নয় বলে জানান। এতে বিক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা কারখানার ফটকের সামনে মিছিল করতে গিয়ে বাধার মুখে পড়েন। পরে তারা ইট-পাটকেল ছুড়ে কারখানার কিছু জানালার কাচ ভাঙেন।
খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা জমিরদিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। বাধা দেওয়ায় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ও, উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা চলে যান।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিল্লাল হোসেন বলেন, জুলাই মাসের বেতন দেওয়ার কথা থাকলেও কারখানার কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তা আজ কারখানায় আসেননি। এতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে কারখানার থাকা দুজন কর্মকর্তাও পালিয়ে যান। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ভাঙচুর চালান।