বেতনের নামে চাঁদা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী রেলওয়ে সরকারি নাজিম উদ্দিন উচ্চবিদ্যালয়টি রেলওয়ে কর্তৃপক্ষের। রেল কর্মচারীদের সন্তানসন্ততির সঙ্গে খরচ কম বলে স্থানীয় দরিদ্র পরিবারের ছেলেমেয়েরাও এখানে পড়ে। কিন্তু সাম্প্রতিক এক সিদ্ধান্তে নৈশপ্রহরীর বেতন বাবদ এসব শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। এ টাকা জোগাতে কষ্টে পড়ে গেছে দরিদ্র শিক্ষার্থীরা।
নৈশপ্রহরীর বেতন-ভাতা বাবদ এ টাকা আদায় করা হলেও খোঁজ নিয়ে জানা গেছে, আদায় করা হচ্ছে নির্ধারিত বেতন-ভাতার কয়েক গুণ বেশি টাকা।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মার্চের শেষ দিকে শ্রেণিকক্ষে শিক্ষক এসে বিদ্যালয়ের নৈশপ্রহরীর বেতন-ভাতা বাবদ তাদের প্রত্যেককে ১০০ টাকা চাঁদা দিতে হবে বলে ঘোষণা দেন। শিক্ষার্থীরা বাড়িতে এসে জানালে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকেরা। এ বিষয়ে অভিভাবকেরা প্রধান শিক্ষকের কাছে প্রতিবাদ জানান। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এপ্রিল ও মে মাসের টাকা নেওয়া হয়েছে। যারা দিতে পারেনি, তাদেরটা এই জুনেও নেওয়া হচ্ছে। লাগলে আবারও টাকা নেওয়া হবে বলে বিদ্যালয় থেকে জানানো হয়েছে।
শিক্ষার্থীরা আরও জানায়, নৈশপ্রহরীর ১০০ টাকা না দিলে তাদের বেতনও নেওয়া হবে না বলে প্রধান শিক্ষক হুমকি দিয়েছেন।
কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, ওই বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই হতদরিদ্র পরিবারের সন্তান। অনেক অভিভাবককেই ছেলে-মেয়ের পড়ালেখা চালাতে অন্যের সহযোগিতা নিতে হচ্ছে। তাদের কাছ থেকে দুই মাসে ২০০ টাকা নেওয়া হয়েছে। এতে মোট আদায় হচ্ছে ৮১ হাজার ৪০০ টাকা।
প্রধান শিক্ষক আবদুস সিদ্দিক অবশ্য হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, নৈশপ্রহরীর বেতন-ভাতা বাবদ ১০০ টাকা করে আদায় করতে পরিচালনা কমিটির প্রধান পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) নির্দেশ দিয়েছেন। কমিটির সভাতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নৈশপ্রহরীর বেতন বাবদ শিক্ষক বা বিদ্যালয় পরিচালনা কমিটির কোনো সদস্যকে টাকা দিতে হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়টি ছাত্র-ছাত্রীদের। তাই শিক্ষার্থীদেরই দায়িত্ব নিরাপত্তা প্রহরী রাখা। তবে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে কথা বলতে গতকাল সোমবার প্রধান শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁকে পাওয়া যায়নি।
ডিআরএম আফজাল হোসেন মুঠোফোনে বলেন, রেল কর্তৃপক্ষ বিদ্যালয়ের মোট খরচের বড় অংশটি বহন করে। শুধু একজন নৈশপ্রহরীর বেতন এখনো দিচ্ছে না রেল কর্তৃপক্ষ। যত দিন রেল কর্তৃপক্ষ এ বেতন না দিচ্ছে, তত দিন শিক্ষার্থীদের কাছ থেকে একজন নৈশপ্রহরীর জন্য বেতন আদায় করা হবে।