বেতাগীতে আ.লীগের নেতা কর্মীদের থানা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলায় চাঁদাবাজি মামলায় জামাল হোসেন নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বেতাগী থানা ঘেরাও করেন। গতকাল বুধবার ওই ঘটনা ঘটে।
এরপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিকেলে বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে বেতাগী শহরে মিছিল করেন। মিথ্যা মামলা দিয়ে দলীয় নেতা ও কর্মীদের হয়রানি করার অভিযোগ এনে এ জন্য তাঁরা সাংসদকে দায়ী করেন।
দলীয় নেতা-কর্মীদের দাবি, সাংসদের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত সিদ্দিকুর রহমান নামে এক ঠিকাদার উপজেলার হোসনাবাদ ইউনিয়নে বেশ কয়েকটি গভীর নলকূপ স্থাপন এবং দক্ষিণ বাসিন্দা প্রাথমিক বিদ্যালয় ভবন সংস্কারের কাজ করছেন। কাজে অনিয়ম হওয়ায় হোসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সজীব, আওয়ামী লীগের কর্মী জামালসহ আরও কয়েকজন এর প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল বুধবার সকালে সিদ্দিকুর রহমান বাদী হয়ে বেতাগী থানায় একটি চাঁদাবাজি মামলা করেন। এতে সজীব, জামাল হোসেনসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করা হয়। গতকাল দুপুরে পুলিশ জামালকে গ্রেপ্তার করে।
জামালকে গ্রেপ্তার করার পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, পৌরসভা শাখার সভাপতি বাবুল আকতার, ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসানসহ দলীয় দু-তিন শ নেতা-কর্মী থানার সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা মিথ্যা মামলা প্রত্যাহার করে জামালের মুক্তি দাবি করেন। বিকেলে তাঁরা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন এবং স্থানীয় সাংসদের বিরুদ্ধে স্লোগান দেন। পরে তাঁরা শহরের সদর রোডে দলীয় কার্যালয়ে অবস্থান নেন। এখানে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির বলেন, জামালকে মুক্তি না দেওয়া পর্যন্ত তাঁরা দলীয় কার্যালয়ে অবস্থান করবেন।
ঠিকাদার সিদ্দিকুর রহমান বলেন, সজীব, জামালসহ কয়েকজন তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করায় তিনি মামলা করেছেন। সাংসদ শওকত হাচানুর রহমান বলেন, ‘সিদ্দিকুর রহমানের সঙ্গে আমার ঠিকাদারি ব্যবসায় কোনো অংশীদারত্ব নেই। চাঁদাবাজির কারণে জামালকে গ্রেপ্তার করা হয়েছে।’ বেতাগী থানার ওসি মো. শাহিন বলেন, বিকেল পাঁচটার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে চলে যান।