বেতাগীতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেতাগী শহরে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বেতাগী শহরের পৌর টোলঘরে উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সাংসদ শওকত হাচানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান ও জেলা ছাত্রলীগের অন্য নেতারা উপস্থিত হন। সভা শুরুর আগে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আদনান খালিদ বিশ্বাসের নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী একটি মিছিল নিয়ে সভায় যোগ দিতে আসেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান, ছাত্রলীগ নেতা রেজাউল, মাসুদ ও সজীবের নেতৃত্বে মিছিলটিকে ধাওয়া দেওয়া হয়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা সভাস্থলের মঞ্চ, চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এতে সভা পণ্ড হয়ে যায়। পরে দুই পক্ষ লাঠি ও রামদা নিয়ে শহরে মিছিল শুরু করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা সাতটার দিকে একই স্থানে সভা শুরু হয়।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আদনান খালিদ বিশ্বাস দাবি করেন, প্রতিপক্ষের হামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামাল, বিবিচিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরাগ মল্লিকসহ সাতজন নেতা-কর্মী আহত হন।
সভায় উপস্থিত জেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান বলেন, ‘নিজেদের মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়েছে। এর বেশি কিছু নয়।’ পুলিশের লাঠিপেটার বিষয়ে তিনি বলেন, কিছু বখাটে ছেলে ঝামেলা করায় তাঁদের পুলিশ লাঠিপেটা করেছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে উত্তেজনার সৃষ্টি হয়। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।