বেতাগীতে দরপত্রের লটারির অনুষ্ঠানে হামলা, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলায় ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের চার কোটি টাকার ১৮টি প্রকল্পের দরপত্রের লটারির সময় হামলায় যুবলীগ নেতা এক ঠিকাদারের মাথা ফেটে গেছে ও অপর এক ঠিকাদার আহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে এ ঘটনার পর লটারি ভণ্ডুল হয়ে যায়।
পিআইও এইচ এম মাহবুবুর রহমান গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, লটারি নিয়ে ঝামেলা হওয়ায় তা স্থগিত করা হয়েছে।
বেতাগীর পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৮টি প্রকল্পের কাজের দরপত্র আহ্বান করা হয় গত মাসের প্রথম দিকে। গতকাল মঙ্গলবার বিকেলে ছিল এসব কাজের জন্য লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগের নির্ধারিত দিন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ঠিকাদার জানান, গতকাল বিকেল পৌনে চারটার দিকে এসব কাজের অনুকূলে লটারির অনুষ্ঠানে ঠিকাদারেরা উপস্থিত হন। এ সময় সেখানে উপন্থিত হন বেতাগীর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম গোলাম কবির ও বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতারা।
লটারি প্রক্রিয়া শুরু হওয়ার কিছু আগে মেয়রের সমর্থক উপজেলা যুবলীগের কয়েকজন নেতা বেশ কয়েকটি কাজ লটারি প্রক্রিয়ার বাইরে তাঁদের জন্য সংরক্ষিত রাখতে পিআইওকে চাপ দেন। বরগুনা সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামসহ কয়েকজন ঠিকাদার প্রতিবাদ জানালে মেয়রের সমর্থক ঠিকাদারেরা তাঁদের ওপর হামলা চালান। এতে জাহিদুল ইসলামের মাথা ফেটে যায় ও রুপক নামের অপর এক ঠিকাদার আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত জাহিদুলকে সন্ধ্যায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বি এম গোলাম কবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা পিআইও অফিসে লটারিস্থলে উপস্থিত হলে বরগুনা থেকে আসা কয়েকজন ঠিকাদার এ নিয়ে উচ্চবাচ্য করেন। তখন আমরা সেখান থেকে বের হয়ে আসি। শুনেছি স্থানীয় যুবলীগের কয়েকটি ছেলে কিছু কাজ দাবি করায় সেখানে উত্তেজিত কয়েকজন ঠিকাদার চেয়ার ছুড়ে মারলে জাহিদুলের মাথায় আঘাত লাগে।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, দরপত্র নিয়ে দুপক্ষে একটু ঝামেলা হয়েছে। এতে একজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।