বেত্রাঘাতে ছাত্র আহত দুই শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকায় একটি মাদ্রাসার ছাত্রকে কঞ্চি দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগে দুই শিক্ষককে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার পাকুন্দিয়া পৌরসভা কার্যালয়ে সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আহত ছাত্র হাপানিয়া খানকাহ মুহিব্বিয়া মাদ্রাসার মো. আবু বক্কর ছিদ্দিক (১১)। সে কাজীহাটি গ্রামের প্রবাসী ওমর ফারুকের ছেলে। তাঁকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বরখাস্ত শিক্ষকেরা হলেন হেফজ বিভাগের মো. আবদুল্লাহ আল মামুন ও মো. হামিম উদ্দিন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম মোক্তাদির প্রথম আলোকে বলেন, শিশুটির পিঠে বেত্রাঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে ওষুধপত্র দেওয়া হয়েছে।

আহত ছাত্র আবু বক্কর বলে, গত রোববার রাতে সহপাঠীদের সঙ্গে গল্প করায় হেফজ বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল মামুন ক্ষিপ্ত হয়ে বাঁশের কঞ্চি দিয়ে তাঁর শরীরে এলোপাতাড়ি আঘাত করেন। এতে সে আহত হলে ওই শিক্ষক ১৫ টাকা বের করে দিয়ে তাকে ওষুধ কিনে খেতে বলেন। বিষয়টি কাউকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে বলেও তিনি শাসান। এর আগে ১৬ মার্চ একই মাদ্রাসার শিক্ষক মো. হামিম উদ্দিনও তাকে মারধর করেন। দুই দিনের মারধরে সে অসুস্থ হয়ে জ্বরে আক্রান্ত হয়। অসুস্থতার খবর পেয়ে আবু বক্করের দাদি ফিরোজা খাতুন মঙ্গলবার দুপুরে তাঁকে দেখতে মাদ্রাসায় আসেন। তিনি মারধরের বিষয়টি জানতে পেরে আবু বক্করকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

ফিরোজা খাতুন বলেন, ‘অন্য ছাত্রদের কাছে অসুস্থতার খবর পেয়ে মাদ্রাসায় এসে দেখি অবুঝ শিশুটির পিঠে বাঁশের কঞ্চির আঘাতে অসংখ্য কালো দাগ হয়ে আছে। বিষয়টি আমি মাদ্রাসার কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এর ব্যবস্থা নেবে।’

পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জামান খোকন বলেন, ঘটনাটি নিয়ে গতকাল পৌরসভার কার্যালয়ে সভা করা হয়। সেখানে অভিযোগ স্বীকার করায় ওই দুই শিক্ষককে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁদের বেত্রাঘাতের আদেশও দেওয়া হয়। পরে অনুরোধক্রমে তা প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে কথা বলার জন্য গতকাল ওই দুই শিক্ষকের মুঠোফোনে বারবার কল করেও নম্বর বন্ধ পাওয়া যায়।

মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, ওই দুই শিক্ষক অন্য প্রতিষ্ঠানেও যেন চাকরি না পান, সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের অন্য শিক্ষকেরা যাতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটান, সে বিষয়ে সাবধান করে দেওয়া হয়েছে।