বেদখল ভাটারার মাদানী অ্যাভিনিউ
মাদানী অ্যাভিনিউ নামে পরিচিত রাজধানীর ১০০ ফুট প্রশস্ত সড়কটি প্রতিদিন একটু একটু করে দখল হয়ে যাচ্ছে। এই দখলের হাত থেকে বাদ যাচ্ছে না সড়কের বিভাজকও।
ভাটারা ইউনিয়নের অন্তর্ভুক্ত ১০০ ফুট প্রশস্ত সড়কটি বেরাইদসহ পূর্বাঞ্চল ও রূপগঞ্জে যাতায়াতের জন্য তৈরি করা হয়। সড়কটি রাজধানীর বাইপাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু প্রতিদিন একটু একটু করে বেদখল হচ্ছে এর দুই পাশ।
সরেজমিনে দেখা যায়, নতুন বাজারে ভাটারা থানা মোড় থেকে ১০০ ফুট রাস্তার ১ কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে বসেছে কাঁচাবাজার। সড়কের পাশে বারিধারা ‘জে’ ব্লক ও ভাটারা ইউনিয়নের বাসিন্দারা এখানে বাজার করতে আসেন। বাজার করতে আসা স্থানীয় বাসিন্দা আবদুর রহিম বলেন, বাসা থেকে কাছে হওয়ায় এখানেই বাজার করতে আসা হয়। থানা থেকে একটু দূরে রাস্তার পাশের সড়কে করা হয়েছে অটো রিকশার স্ট্যান্ড।
সড়কের দুই পাশে গড়ে ওঠা বিক্রির জন্য রাখা জিনিসপত্র ফুটপাতের ওপর ফেলে রেখেছেন বিক্রেতারা। ফুটপাত ও মূল সড়ক দখল হওয়ায় সড়কের মাঝ দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। সড়ক দিয়ে প্রতিনিয়ত ভারী যানবাহন ও দূরপাল্লার গাড়ি চলাচল করে। এর মাঝেই কেনাকাটা করেন বাসিন্দারা। দীর্ঘ সড়কটিতে নেই কোনো জেব্রা ক্রসিং কিংবা পদচারী সেতু। এ সময় বাজার করতে আসা লোকজনকে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে দেখা যায়।
ভাটারা থানার ওসি নুরুল মোত্তাকিন বলেন, আদালত অভিযান চালালে হয়তো পরিস্থিতি বদলে যাবে।