বেনাপোল বন্দরে শ্রমিক ও পুলিশ সংঘর্ষ, আটক ৪
যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার বিকেলে ওই ঘটনা ঘটে। শ্রমিকেরা এ সময় বেনাপোল অভিবাসন পুলিশের কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
ঘটনার পর থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
এদিকে সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনটি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শ্রমিকদের দাবি, পুলিশের গুলিতে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য আরশাদ ও ইদ্রিস আহত হয়েছেন। তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক নারী অবৈধভাবে ভারত থেকে ব্যাগে করে পণ্য নিয়ে তল্লাশিচৌকিতে আসেন। এ সময় অভিবাসন পুলিশ ওই নারীর ব্যাগ তল্লাশি করে তাঁকে আটকে রাখে। খবর পেয়ে পৌরসভার কাউন্সিলর ও শ্রমিক নেতা রাশেদ আলী ওই নারীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে পুলিশের সঙ্গে রাশেদের কথা-কাটাকাটি হয়। পরে শ্রমিকদের একটি অংশ গিয়ে অভিবাসন পুলিশের কার্যালয়ের জানালা ও দরজার কাচ ভাঙচুর করে। এ সময় বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাঠিপেটা করে কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। এতে শ্রমিক ও পুলিশসহ পাঁচ-ছয়জন আহত হন। পরে সংঘর্ষের নেতৃত্ব দেওয়ার অভিযোগে রাশেদসহ চারজনকে আটক করা হয়।
ঘটনার পর থেকে শ্রমিকেরা বন্দরের পণ্য ওঠানো-নামানো বন্ধ করে যশোর-বেনাপোল সড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেন। এ কারণে সড়কে সব ধরনের যানবাহন চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিল। এতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
কলকাতা থেকে বাংলাদেশে ফেরা মিনহুন নাহার নামের এক যাত্রী সন্ধ্যা সাড়ে সাতটায় বলেন, ‘বিকেল পাঁচটা থেকে বেনাপোল বন্দরে বাসের মধ্যে বসে আছি। সঙ্গে ছোট শিশু থাকায় চরম ভোগান্তিতে পড়েছি। কখন বাস ছাড়বে কেউ বলতে পারছে না।’
রাত আটটার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।
এদিকে আহত শ্রমিকদের কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তা শ্রমিকেরা জানাতে পারেননি। বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান গতকাল রাত আটটার দিকে বলেন, শ্রমিকদের কেউ আহত হয়েছে কি না তা তাঁরা জানেন না। তবে কাউন্সিলর রাশেদের নেতৃত্বে শ্রমিকেরা অভিবাসন পুলিশের কার্যালয়ে হামলা করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পুলিশের ওপর চড়াও হন। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।