বেনাপোলে সালিস বৈঠকে একজন গুলিবিদ্ধ
যশোরের বেনাপোল রেলওয়ে স্টেশন এলাকায় গত বুধবার বিকেলে মোহাম্মদ আলী (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহাম্মদ আলী শার্শা উপজেলার ভবারবেড় গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে রেলওয়ে স্টেশন এলাকা থেকে মোহাম্মদ আলীর লোকজন হাসান নামে এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনতাই করে। হাসান শার্শা উপজেলার উলাসী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইনাল হোসেনের ভাতিজা। বিষয়টি নিয়ে মোহাম্মদ আলীর সঙ্গে ইউপি চেয়ারম্যান আইনালের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে গত বুধবার বিকেলে চেয়ারম্যান আইনাল হোসেন ও মোহাম্মদ আলীর লোকজনের মধ্যে বৈঠক হয়।
বৈঠকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে গুলি ছুড়লে আলী বাঁ পায়ে গুলিবিদ্ধ হন। মোহাম্মদ আলী জানান, চেয়ারম্যান আইনালের লোকজন তাঁকে গুলি করেছেন।
অভিযোগ অস্বীকার করে আইনাল হোসেন বলেন, বৈঠকে মোহাম্মদ আলী কোমরে পিস্তল নিয়ে ঢোকেন। তাতে গুলি লোড করা ছিল। নিজের পিস্তলের গুলিতে নিজেই বিদ্ধ হয়েছেন।
স্থানীয়রা জানান, মোহাম্মদ আলী রেলওয়ে স্টেশন এলাকার চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।