বেনাপোলে ৬৫ লাখ টাকার সোনাসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল স্থলবন্দর-সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৬টি সোনার বারসহ হানেফ আলী (৩৫) নামের এক ব্যক্তিকে আজ মঙ্গলবার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া সোনার ওজন এক কেজি ৬০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। ভারতে পাচারের জন্য ওই সোনা সীমান্তের দিকে নেওয়া হচ্ছিল।

বিজিবি সূত্রে জানা গেছে, হানেফ ভ্যানে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। বিজিবি সদস্যরা তাঁকে বাসস্ট্যান্ড এলাকায় থামিয়ে শরীর তল্লাশি করে। এ সময় তাঁর পায়ের জুতার সোলের ভেতর থেকে ওই সোনা উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় চোরাচালানের মামলা করা হয়। মামলার পর বিজিবি তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করে।

হানেফ আলী​র বাড়ি যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামে বলে বিজিবি জানিয়েছে।