বেনাপোল থেকে হুন্ডির ৩৪ লাখ টাকা উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির ৩৪ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর সীমান্তের সাদীপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই টাকা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সকালে একজন হুন্ডি ব্যবসায়ী ভারত থেকে থলেতে করে টাকা নিয়ে রঘুনাথপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকেন। সকাল সাড়ে সাতটার দিকে তিনি সাদীপুর মাঠে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মাঠের মধ্যে থলে ফেলে ওই হুন্ডি ব্যবসায়ী পালিয়ে যান। পরিত্যক্ত অবস্থায় থলেটি উদ্ধার করা হয়। এ সময় তল্লাশি করে থলের মধ্য থেকে ৩৪ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুনার রশিদ বলেন, উদ্ধার করা টাকা হুন্ডির। ভারত থেকে ওই টাকা বাংলাদেশে আনা হয়েছিল। এই টাকা বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে।