বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ভারতের পেট্রাপোল স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের কলমবিরতি কর্মসূচির কারণে আজ মঙ্গলবার সকাল থেকে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আছে।

এ দিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বেনাপোল ও পেট্রাপোল বন্দরে পাঁচ শতাধিক পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে। বাংলাদেশে অবরোধ আর ভারতের পেট্রাপোল বন্দরে কলমবিরতি কর্মসূচিতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাঁরা শিগগিরই সমস্যার সমাধান করে ব্যবসার পরিবেশ সৃষ্টির দাবি জানান।

এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তা ইদ্রিস আলী আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘পণ্য আমদানি-রপ্তানির জন্য আমরা প্রস্তুতি নিয়ে সকাল থেকে বসে আছি। ১০টার দিকে খবর এল পেট্রাপোলে সিঅ্যান্ডএফ এজেন্ট সংগঠনের নেতারা কলমবিরতির ডাক দিয়েছেন।’

ইদ্রিস আলী জানান, পেট্রাপোল কাস্টম বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্ট নেতাদের সুবিধা-অসুবিধা নিয়ে দর-কষাকষির জের ধরে ওই কর্মসূচি ডাকা হয়েছে।

বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগে একই দাবিতে গত বছরের ১৬ নভেম্বর পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ সংগঠনের নেতারা বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছিলেন। তখন দুই দিন ধর্মঘট চলার পর উভয় পক্ষের সঙ্গে আলোচনার শর্তে ধর্মঘট তুলে নেওয়া হয়। কিন্তু বিষয়টির সমাধান না হওয়ায় আবারও ধর্মঘট শুরু হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ব্যবসায়ী মতিয়ার রহমান বলেন, টানা অবরোধের কারণে এমনিতেই বন্দরে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। ঝুঁকি নিয়ে দ্বিগুণ খরচে আমদানি পণ্য ঢাকায় পাঠাতে হচ্ছে। এর মধ্যে আবার পেট্রাপোল বন্দরের ধর্মঘটে খুবই খারাপ অবস্থায় ব্যবসায়ীরা। দ্রুত এ সমস্যার সমাধান চান তিনি।