বেনাপোলে আড়াই কেজি সোনা উদ্ধার, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুতার ভেতরে করে ভারতে সোনা পাচারের চেষ্টাকালে নূরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ২ কেজি ৪৪৮ গ্রাম ওজনের ২১টি সোনার বার উদ্ধার করা হয়। যশোরের বেনাপোল আন্তর্জাতিক তল্লাশি চৌকি থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের সদস্যরা গতকাল মঙ্গলবার দুপুরে এ সোনা উদ্ধার করেন।
নূরুল ইসলাম (৪৫) বেনাপোলের মহিউদ্দিন আহমেদ অ্যান্ড সন্স নামের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টে বর্ডারম্যান হিসেবে কাজ করেন। তাঁর বাড়ি যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামে।
এ বিষয়ে জানতে চাইলে ২৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে নূরুলকে ধরে ওই সোনা উদ্ধার করা হয়। নূরুল মূলত ওই সোনার বাহক। তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আসল চোরাচালানি ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় বেনাপোল থানায় চোরাচালানের মামলা করা হয়েছে।
লে. কর্নেল জাহাঙ্গীর আরও বলেন, গত বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত বেনাপোল সীমান্ত থেকে ১০টি চালান ধরে অন্তত ১৯ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। সোনা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।