বেনাপোলে দুই ভারতীয়র পেট থেকে ২ কেজি সোনা উদ্ধার

যশোরের বেনাপোলে দুই ভারতীয় যাত্রীর পেট থেকে ১০টি করে মোট ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সোনার পরিমাণ দুই কেজি। এ সময় ওই দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা আজ শুক্রবার সকালে ট্রাভেল ট্যাক্স চেকপোস্ট পয়েন্ট থেকে ওই দুই পাচারকারীকে গ্রেপ্তার করেন। পরে দুপুরে তাঁদের পেট থেকে দুই কেজি সোনা উদ্ধার করা হয়। ওই সোনা ভারতে পাচার করা হচ্ছিল।
আটক দুই যাত্রী হলেন নসরুল হক (৩৮) ও সঞ্জীব ভার্মা (৪৮)। নসরুল হক ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মাওলানা মোহাম্মদ আলী রোডের নুরুল হকের ছেলে। সঞ্জীব ভার্মা ভারতের দিল্লির উত্তমনগর এলাকার মাহিন্দার ভার্মার ছেলে।
বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাদিক হোসেন জানান, শুক্রবার সকালে নসরুল হক ও সঞ্জীব ভার্মা ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আসেন। কাস্টমস এবং ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সীমান্ত পেরিয়ে চলে যাওয়ার সময় বেলা সাড়ে ১১টার দিকে ট্রাভেল ট্যাক্স চেক পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বেনাপোলে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে তাঁরা পেটে সোনা থাকার কথা অস্বীকার করেন। এরপর দুপুরে তাঁদের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্স-রে করে তাঁদের পেটে থাকা সোনার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে বেলা দেড়টার দিকে শুল্ক গোয়েন্দাদের উপস্থিতিতে টয়লেটের ভেতরে তাঁরা বিশেষ কায়দায় পায়ুপথ দিয়ে একে একে ১০টি ছোট প্যাকেট বের করে আনেন। প্যাকেটগুলো গোল্ডবার স্কচ টেপ দিয়ে প্যাঁচানো ছিল। ১০টি প্যাকেটের ভেতর থেকে দুটি করে মোট ২০টি সোনার বার পাওয়া যায়।
সাদিক হোসেন জানান, ২০টি সোনার বারের প্রতিটির ওজন ১০০ গ্রাম করে মোট দুই কেজি। উদ্ধার করা সোনার মূল্য প্রায় এক কোটি টাকা। গ্রেপ্তার নসরুল হক ও সঞ্জীব ভার্মাকে চোরাচালানের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা সোনা বেনাপোল কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে।