বেনাপোলে দুই যুবককে পিটিয়ে আহত
যশোরের শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামে দুই যুবককে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্তের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন কৃষ্ণপুর গ্রামের রাজু সরদার (২৮) ও তাঁর ভাতিজা মনিরুল ইসলাম সরদার (২৫)। তাঁদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় মাজিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ-ছয়জন ব্যক্তি তাঁদের ওপর এ হামলা চালিয়েছেন। হাসপাতালে গিয়ে দেখা গেছে, পুলিশ পাহারায় দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজুর ডান হাত ও দুই পা এবং মনিরুলের মাথা ও চার হাত-পা ব্যান্ডেজ দিয়ে মোড়ানো।
রাজু সরদার প্রথম আলোকে বলেন, ‘সপ্তাহখানেক আগে বেনাপোল থানার পুলিশ মাজিদুলের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করে। এ সময় পুলিশ তাঁকে আটক করে পরে আবার ছেড়ে দেয়। মাজিদুলের ধারণা, আমি পুলিশকে তথ্য দিয়ে তাঁকে ধরিয়ে দিয়েছিলাম। আজ (গতকাল) সকালে মীমাংসা করার কথা বলে মাজিদুলসহ কয়েকজন আমাদের দুজনকে তাঁদের বাড়িতে ডেকে নেন। পরে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে জখম করেন।’ নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী বলেন, রাজু নানা সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে এলাকার চোরাকারবারিদের সম্পর্কে তথ্য দিতেন। এর জেরেই তাঁর ওপর এ হামলা চালানো হয়।
জানতে চাইলে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, রাজু ও মনিরুল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ান। এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে সকালে তাঁদের ধরে পিটুনি দিয়েছে।