বেনাপোলে দেড় কেজি সোনাসহ যুবক আটক
যশোরের বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে দেড় কেজি ওজনের ১২টি সোনার বারসহ আশানুর রহমান (৩০) নামের এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
বিজিবি ২৬ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ লিয়াকত আলীর নেতৃত্বে একটি টহল দল ওই গ্রামে অভিযান চালায়। সেখান থেকে ওই সোনার বারগুলোসহ আশানুরকে আটক করা হয়। সোনাসহ আসামিকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, বাংলাদেশ থেকে ওই সোনা ভারতে পাচার করা হচ্ছিল। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আশানুরসহ দুজনকে আসামি করে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। আরেক আসামি হচ্ছেন সোনার মালিক। তাঁকে আটকের চেষ্টা চলছে।
আশানুরের গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলার দৌলতপুর গ্রামে।