বেনাপোলে পৌনে দুই কেজি সোনাসহ আটক ১
যশোরের বেনাপোল বন্দরসংলগ্ন এলাকা থেকে সোনার ১২টি বারসহ তবিবর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের সদস্যরা আজ মঙ্গলবার দুপুর ১২টায় বেনাপোল বাজারের দুর্গাপুর সড়ক থেকে তাঁকে আটক করেন।
এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় চোরাচালানের একটি মামলা করে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবিবর শার্শা উপজেলার ঘিবা গ্রামের বাসিন্দা। আটক করা সোনার ওজন পৌনে দুই কেজি।
বিজিবির ২৬ ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেনাপোল বাজার থেকে তবিবর হেঁটে দুর্গাপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। এরপর তাঁর কোমরের সঙ্গে বাঁধা অবস্থায় ১২টি সোনার বার পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তবিবর জানিয়েছেন, এর আগেও দুইবার তিনি ভারতে সোনা পাচার করেছেন। তবে তিনি সোনার প্রকৃত মালিকের নাম বলেননি।
সুবেদার রফিকুল ইসলাম আরও বলেন, জব্দ করা সোনা পরীক্ষা করা হয়েছে, যার ওজন এক কেজি ৭৫০ গ্রাম। দাম ৭৭ লাখ ৮৬ হাজার টাকা।