বেনাপোলে বিরল প্রজাতির ৮৭৪টি কচ্ছপ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮৭৪টি কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার সকালে সীমান্তের কাগজপুকুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় কচ্ছপের এই চালানটি আটক করা হয়।
বিজিবির ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন আজ সন্ধ্যায় বলেন, ‘কচ্ছপগুলো রাতেই বন্যপ্রাণী অধিদপ্তরের খুলনা কার্যালয়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।’
বিজিবি সূত্রে জানা গেছে, কাগজপুকুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটের ভেতর থেকে বিরল প্রজাতির কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
বিজিবির ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কচ্ছপের চালান ফেলে পালিয়ে গেছে। কচ্ছপগুলো চোরাই পথে ভারত থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি এগুলোর মূল্য জানাতে পারেননি।