বেনাপোলে যুবকের লাশ উদ্ধার
যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় পর্যটন মোটেলের পেছন থেকে গতকাল বৃহস্পতিবার রাতে সুমন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে সুমি (২০) নামের এক তরুণীকে আটক করা হয়েছে।
মোটেলের রেজিস্ট্রি খাতার তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত সুমনের বাড়ি জেলার শার্শা উপজেলার ভবারবেড় গ্রামে। তিনি পেশায় ট্যাক্সিক্যাবচালক ছিলেন। আটক সুমির বাড়ি জেলার ঝিকরগাছা উপজেলার সীতারামপুর গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, পর্যটন মোটলের ব্যবস্থাপকের কাছে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে গতকাল দুপুরে মোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন সুমন ও সুমি। ওই কক্ষের পেছনের নর্দমার পাশ থেকে গতকাল রাত ১০টার দিকে সুমনের লাশ উদ্ধার করা হয়।
ওসির দেওয়া তথ্যমতে, লাশের মাথা, হাঁটু ও হাতে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ সুমিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।