বেনাপোলে শিশুকে পিটিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকার আবাসিক হোটেল সোনার বাংলার শিশু কর্মচারী মুন্নাকে (১৪) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে শিশুটি মারা গেছে।

মুন্না শার্শা উপজেলার বহিলাপোতা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে হোটেলমালিকসহ তিনজনকে আসামি করে বেনাপোল বন্দর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত দুজনকে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। যশোরের আমলি আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হোটেলমালিক আবু তালেবের স্ত্রী নূরনাহার বেগম (৪২) ও ছেলে মিলন হোসেন (২৫)। মামলার প্রধান আসামি আবু তালেব পলাতক। তাঁরা শার্শা উপজেলার সাদিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় হোটেলমালিক আবু তালেব কর্মচারী মুন্নাকে হোটেলের ছাদে নিয়ে বেধড়ক লাঠিপেটা করে সিঁড়ি থেকে ফেলে দেন। এতে মুন্না গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে প্রথমে শার্শা উপজেলার নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন আগে ওই হোটেলে অনৈতিক কর্মকাণ্ড ঘটে। বিষয়টি আবু তালেবের স্ত্রী জেনে গেলে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। আবু তালেবের ধারণা, কর্মচারী মুন্নাই তার স্ত্রীকে এসব তথ্য জানিয়ে দিয়েছে। বুধবার হোটেলের ছাদে নিয়ে মুন্নার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে মারধর করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘হোটেলমালিকের দাবি, মুন্না নেশাগ্রস্ত অবস্থায় হোটেলের ছাদ থেকে পড়ে গিয়ে আহত হয়েছে। আর হত্যাকাণ্ডের শিকার মুন্নার বাবার দাবি, পিটিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলাও নেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পরে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।’