বেনাপোলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, দুই শ্রমিক গুলিবিদ্ধ
যশোরের বেনাপোল স্থলবন্দরে আজ রোববার বিকেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় পুলিশ চারজন শ্রমিককে আটক করেছে। ঘটনার পর থেকে বন্দরে পণ্য ওঠা নামার কাজ বন্ধ রেখেছেন শ্রমিকেরা।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে এক নারী অবৈধ ভারতীয় কাপড় নিয়ে বন্দর দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে।
এ সময় বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলী ওই নারীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে পুলিশের সঙ্গে রাশেদের কথা-কাটাকাটি হয়। পরে শ্রমিকদের একটি দল অভিবাসন পুলিশের কার্যালয়ে ভাঙচুর চালায়।
একপর্যায়ে বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে। এতে ইদ্রিস ও আরশাদ নামে দুই শ্রমিক গুলিবিদ্ধ হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষের নেতৃত্ব দেওয়ার অভিযোগে বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, কাউন্সিলর রাশেদের নেতৃত্বে শ্রমিকেরা অভিবাসন পুলিশের কার্যালয়ে হামলা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পুলিশের ওপর চড়াও হন। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।