বেনাপোলে সোয়া দুই কেজি সোনা উদ্ধার গ্রেপ্তার ১
যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া গ্রাম থেকে গতকাল শুক্রবার ২ কেজি ৩৩০ গ্রাম সোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতে পাচারকালে বিজিবির সদস্যরা বেনাপোল স্থলবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গাতিপাড়া গ্রামের নতুন মসজিদের পাশ থেকে ২০টি সোনার বার উদ্ধার করেন। এ সময় টিটু বিশ্বাস (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
আটক টিটু বিশ্বাস উপজেলার বেনাপোল ইউনিয়নের গাতিপাড়া গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে।
বিজিবি সূত্র জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে টিটু বিশ্বাস বেনাপোল থেকে মোটরসাইকেলে করে বেনাপোল-পুটখালী সড়ক দিয়ে দৌলতপুর সীমান্তের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি গাতিপাড়া নতুন মসজিদের কাছে পৌঁছালে বিজিবির সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। তাঁর শরীর তল্লাশি করে কোমর থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ২ কেজি ৩৩০ গ্রাম। রাতে তাঁকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিজিবি খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, টিটু বিশ্বাস নামের এক পাচারকারী সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে দৌলতপুর সীমান্তের দিকে যাচ্ছিলেন। রাতে টিটুকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। উদ্ধার করা সোনার বারগুলো বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে।