বেনাপোলে সোনাসহ দুজন গ্রেপ্তার
বেনাপোল তল্লাশিচৌকি থেকে পৌনে ৩ কেজি ওজনের ১১টি সোনার বারসহ রোখসানা বেগম (৩১) নামের পাসপোর্টের এক যাত্রীকে গত শনিবার দুপুরে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। রোখসানা ঢাকার মানিকনগর এলাকার আবুল হোসেনের মেয়ে।
এর আগে গত শুক্রবার ৫৮০ গ্রাম ওজনের পাঁচটি সোনার বারসহ জালাল আহম্মেদ সেলিম (৪৪) নামের এক যাত্রীকে আটক করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আটক জালাল শরীয়তপুরের নড়িয়া উপজেলার সেতু মাতবরকান্দি গ্রামের ইয়াকুব আলী মুনশির ছেলে।
বেনাপোল শুল্ক গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, শুল্ক গোয়েন্দাদের একটি দল দুই দেশের শূন্যরেখা এলাকা থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রী রোখসানা বেগমকে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি করে শরীরে বিশেষ কায়দায় লুকানো পৌনে ৩ কেজি ওজনের ১১টি সোনার বার উদ্ধার করা হয়।
রোখসানার বরাত দিয়ে বেনাপোল শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক আবদুস সাদেক বলেন, রোখসানা বেগম সোনা চোরাচালানের বাহক হিসেবে কাজ করেন। ঢাকা থেকে পশ্চিমবঙ্গের বনগ্রাম এলাকায় পৌঁছে দেওয়ার জন্য ১৬ হাজার টাকার চুক্তিতে তিনি ওই সোনা পাচারের কাজ করছিলেন। এক ব্যক্তি তাঁর কাছে ওই সোনার প্যাকেট দিয়েছেন। যে ব্যক্তি ওই প্যাকেট দিয়েছেন রোখসানা তাঁকে চেনেন না বলে জানিয়েছেন।
আবদুস সাদেক বলেন, জব্দ করা সোনার দাম ১ কোটি ৪০ লাখ টাকা। বেনাপোল বন্দর থানায় সোনা চোরাচালানের একটি মামলা দিয়ে রোখসানাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে শুল্ক গোয়েন্দা বিভাগের কয়েকজন কর্মকর্তা দুই দেশের শূন্যরেখা এলাকায় যান। এ সময় পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে শূন্যরেখার ফটকে যাওয়ার সময় জালাল আহম্মেদকে আটক করা হয়। তাঁর শরীর তল্লাশি করে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়।
বেনাপোল শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক আবদুস সাদেক বলেন, ‘ভারতে নেওয়ার জন্য বাঁ পায়ের ঊরুতে বেঁধে ওই সোনা পাচার করা হচ্ছিল। সোনাসহ ওই ব্যক্তিকে আটক করে চোরাচালানের মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জব্দ করা সোনার দাম ২৮ লাখ টাকা। এ গুলো বেনাপোল কাস্টমস হাউসে জমা করা হয়েছে।’