বেনাপোলে সোয়া কেজি সোনাসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
গ্রেপ্তার

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১০টি সোনার বার ও দেড় লাখ টাকাসহ একজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী পশ্চিম পাড়া মাঠ থেকে ভারতে পাচারের সময় ওই সোনা ও টাকা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধার করা করা সোনার ওজন ১ কেজি ১৫০ গ্রাম। গ্রেপ্তার পাচারকারীর নাম রনি হোসেন (২০)। তিনি বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের আকরাম হোসেনের ছেলে।

বিজিবি জানায়, সোমবার বেলা দুইটার দিকে রনি হোসেন বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুটখালী পশ্চিম পাড়া মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর শরীর তল্লাশি করে ১০টি সোনার বার ও দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ১৫০ গ্রাম।

বিজিবির ২১ ব্যাটালিয়নের পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পাচারকারী রনি হোসেনের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনা ও টাকা থানায় জমা দেওয়া হয়েছে।’