বেনাপোলে ২ কোটি টাকার সোনাসহ আটক দুই যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল স্থলবন্দরের দুই নম্বর ফটকের সামনে থেকে ২৬টি সোনার বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে ওই সোনা ভারতে পাচারের সময় তাদের আটক করা হয়। পরে চোরাচালানের একটি মামলা দিয়ে বেনাপোল বন্দর থানা-পুলিশের কাছে তাঁদের সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মো. বিল্লাল হোসেন (২৫) ও মো. ইমরান হোসেন (২২)। তাঁদের দুজনের বাড়ি যশোরের শার্শা উপজেলার পুটখালী উত্তরপাড়া গ্রামে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের একটি টহল দল বন্দরের দুই নম্বর ফটকের সামনে থেকে দুই যুবককে আটক করে। এ সময় তাদের শরীর তল্লাশি করে ২৬টি সোনার বার পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, দুই যুবক ভারতে পাচারের উদ্দেশে ওই সোনা বেনাপোল সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। শরীর তল্লাশি করে চার কেজি ৮০০ গ্রাম ওজনের ২৬টি সোনার বার উদ্ধার করা হয়। চোরাচালানের একটি মামলা দিয়ে বেনাপোল বন্দর থানা-পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করা হয়েছে।

জব্দ করা সোনার আনুমানিক মূল্য এক কোটি ৯০ লাখ ৮৪ হাজার টাকা।