বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধোপাজান বালুমহালে বেপরোয়া চাঁদাবাজি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। বালু উত্তোলন ও পরিবহনে ঘাটে ঘাটে চাঁদা দিতে হচ্ছে ব্যবসায়ীদের। চাঁদাবাজি বন্ধে প্রশাসন থেকে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। কিন্তু চাঁদাবাজি থামছে না।
বালু ব্যবসায়ী ও শ্রমিকেরা জানান, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার চলতি নদীর সীমান্তবর্তী ডলুরা এলাকায় ৩৭১ একর জমি নিয়ে ধোপাজান বালুমহালের অবস্থান। এখান থেকে প্রতিদিন চার থেকে পাঁচ লাখ ফুট বালু তোলা হয়। প্রতি ফুট বালুর জন্য ইজারাদারকে টোল হিসেবে ৭০ পয়সা করে দিতে হয়। মহাল থেকে নৌকায় করে সুরমা নদীতে নিয়ে আসার পর বাল্কহেড অথবা জাহাজে করে এসব বালু দেশের বিভিন্ন এলাকায় যায়।
প্রশাসন সূত্রে জানা গেছে, ১৪১৯ বঙ্গাব্দ থেকে ১৪২১ বঙ্গাব্দ পর্যন্ত এই বালুমহালটির ইজারাদার ছিলেন তফাজ্জল হোসেন। তবে কাগজপত্রে তাঁর নাম থাকলেও মহালটি নিয়ন্ত্রণ করেন ক্ষমতাসীন দলের সমর্থক ব্যবসায়ী জিয়াউল হক। বর্তমানে ইজারার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।
ব্যবসায়ী ও শ্রমিকদের অভিযোগ, মহাল থেকে বালু সুরমা নদীতে নিয়ে আসা পর্যন্ত ডলুরার কাইয়ারগাঁও, চলতি নদীর আদাং, মণিপুরি ঘাট, ইব্রাহিমপুর এলাকায় প্রতিটি নৌকা থেকে চার শ-পাঁচ শ টাকা আদায় করা হয়। এরপর সুরমা নদীর আছিনপুর, রাজারগাঁও, সদরগড়, তেঘরিয়ার ঘাট, চলতি নদীর প্রবেশমুখ, ইব্রাহিমপুর ঘাটে বিভিন্ন নামে বাল্কহেড ও জাহাজ থেকে এক হাজার থেকে দুই হাজার টাকা আদায় করে চাঁদাবাজেরা। ইউনিয়ন টোল, ছরার টোল, উজানভাটি, বিআইডব্লিউটিএ, ঘাটের টোল, ওয়াক্ফ এস্টেটের নামে এসব টাকা আদায় করা হয়ে থাকে। টাকা আদায়ের সঙ্গে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মী জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
সুনামগঞ্জ বালু ও পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান বলেন, ধোপাজান বালুমহালে ইজারাদার-চাঁদাবাজ আলাদা কেউ নয়, সবাই এক। বেপরোয়া চাঁদাবাজিতে ব্যবসায়ী ও শ্রমিকেরা অতিষ্ঠ।
নাম প্রকাশ না করার শর্তে আরেক ব্যবসায়ী বলেন, ‘চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জুলুমের শিকার হচ্ছি আমরা, অন্যদিকে সরকার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এর প্রতিকারে আমরা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিসহ কারও কাছে যেতে বাদ রাখিনি। কিন্তু কোনো ফল মেলেনি।’
ইজারাদারের পক্ষে জিয়াউল হক বলেন, ‘চাঁদাবাজির কারণে আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেহেতু ব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার হচ্ছেন, তাই তাঁরা আমাদের বৈধ টোলও অনেক সময় কম দেন।’ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন, ‘এখানে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরাই প্রশাসন ও পুলিশকে বলেছি। আমাদের সহযোগী সংগঠনের কেউ এসবের সঙ্গে জড়িত নয়। যদি কেউ দলের নাম ভাঙিয়ে এসব করে, তাহলে পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে।’
সুনামগঞ্জের এসপি হারুন অর রশিদ বলেন, এখানে পুলিশের বিশেষ টহল রয়েছে। এলাকাটি বেশ বড়, তাই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পুলিশ এলে চাঁদাবাজেরা পালিয়ে যায়। পুলিশ ফিরে গেলে তারাও নদীতে নেমে পড়ে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবজিৎ সিংহ বলেন, ‘ইজারাদার ছাড়া অন্যরা যেসব টাকা আদায় করছেন, তা অবৈধ। চাঁদাবাজি বন্ধে আমাদের টাস্কফোর্স কাজ করছে।’