বেপরোয়া ছিনতাইকারীরা আতঙ্কে পথচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বাইপাস সড়কে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। ছিনতাই করছে মোটরসাইকেল, ইজিবাইক ও টাকা-পয়সা। আতঙ্কের কারণে সন্ধ্যার পর এ সড়ক দিয়ে লোকজন খুব একটা চলাচল করে না।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৬ কিলোমিটার দীর্ঘ খুলনার বাইপাস সড়কটি হরিণটানা, ডুমুরিয়া, আড়ংঘাটা, দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকায় পড়েছে। এ সড়ক দিয়ে নগরের জিরো পয়েন্ট থেকে ফুলবাড়ী গেটে সহজেই যাওয়া যায়। দ্রুত গন্তব্যে পৌঁছাতে এ সড়কটি বেশি ব্যবহার করে লোকজন। এ সুযোগটিই লুফে নিয়েছে ছিনতাইকারীরা। ছয় মাসে এ সড়কে প্রায় ২০টি মোটরসাইকেল ও ১০টি ইজিবাইক ছিনতাই হয়েছে। এর মধ্যে গত দুই মাসে ১০টি মোটরসাইকেল ও চারটি ইজিবাইক ছিনতাই হয়েছে। ঝামেলা এড়াতে অধিকাংশ ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীরা মামলা করে না।
ইজিবাইকচালক বক্কর গাজী বলেন, সন্ধ্যার পর এ রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিন দিন আগে একজন ইজিবাইকের চালককে হাত-পা বেঁধে তাঁর গাড়ি নিয়ে গেছে। তবে তিনি ভয়ে মামলা করতে চাচ্ছেন না। কারণ, থানায় অভিযোগ করার পর ছিনতাইকারীরা উল্টো নানাভাবে হয়রানি করে।
আরেকজন চালক মারুফ হোসেন জানান, সন্ধ্যা হলেই এ সড়কটি ছিনতাইকারীদের দখলে চলে যায়। সড়কটির পাশে তেমন জনবসতি নেই। পুলিশও নিয়মিত টহল দেয় না। ফলে দুর্বৃত্তরা নির্বিঘ্নে ছিনতাই করে পালিয়ে যায়। তবে এ বিষয়ে পুলিশের তেমন নজরদারি নেই। হয়রানির ভয়ে ভুক্তভোগীরাও পুলিশকে জানাতে চায় না।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ব্যবসায়ী বলেন, রূপসা থেকে জিরো পয়েন্ট হয়ে ফুলবাড়ী গেট পর্যন্ত সড়কটি ছিনতাইকারীরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে এ সড়কে ছিনতাই চালিয়ে যাচ্ছে। সড়কটি অনেকগুলো থানার মধ্যে পড়ায় পুলিশের কেউই এর দায় নিতে চায় না। ফলে ভুক্তভোগীরাও ঝামেলা এড়াতে অভিযোগ করতে চায় না।
রায়েরমহল এলাকার বাসিন্দা আবদুস সবুর বলেন, ‘সড়কের পাশে বাড়ি হওয়ার কারণে ছিনতাইয়ের ঘটনা প্রায় কানে আসে। ছয় মাসে ওই সড়কে ২০টি মোটরসাইকেল ও ১০টি ইজিবাইক ছিনতাইয়ের খবর পেয়েছি। দূরের লোক হওয়ায় অনেক সময় খবর পাওয়া যায় না।’ তিনি জানান, স্থানীয় ও বাইরের কিছু লোক মিলে শক্তিশালী একটি ছিনতাই চক্র গড়ে তুলেছে। বিষয়টি পুলিশ জানে। কিন্তু কোনো পদক্ষেপ নেয় না। বিষয়টি একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে বলা হয়েছে, কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক আড়ংঘাটা থানার এক উপপরিদর্শক (এসআই) জানান, ‘রাস্তায় দায়িত্ব পালনের সময় ছিনতাইয়ের অনেক অভিযোগ আসে। এ কারণে সন্ধ্যার পর আমরা ওই সড়ক দিয়ে যাত্রীদের চলাচল করতে নিষেধ করি। ছিনতাই প্রতিরোধ করতে হলে বিশেষ পুলিশি পাহারার ব্যবস্থা করতে হবে।’
খুলনা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, এমন ঘটনা যদি ঘটে, সে বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।