বেপরোয়া ছাত্রলীগ অসহায় প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বেপরোয়া হয়ে উঠেছেন বহিরাগত ছাত্রলীগের কর্মীরা। তাঁরা ক্যাম্পাসে ঢুকে অস্ত্রবাজি, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, ছাত্রীদের উত্ত্যক্ত ও মুঠোফোন ছিনতাই করাসহ নানা অপরাধ করছেন। এতে সাধারণ শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
কলেজ প্রশাসন বহিরাগত ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। এ কারণে অভিভাবক ও শিক্ষকেরাও উৎকণ্ঠায় রয়েছেন।
কলেজের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী জানান, ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় কলা ভবনের উত্তর পাশে সাইকেলস্ট্যান্ডের সামনে ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমানের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। একই দিন বেলা একটার দিকে কলা ভবনের সামনে সমাজকর্ম চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিনহাজ রহমানকে কুপিয়ে জখম করা হয়। ধর্মপুর, গোবিন্দপুর ও দৌলতপুর এলাকার বহিরাগত ছাত্রলীগের কর্মী শুভ খান, জেকি, বাবু ও রাব্বীর নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এর আগে ১৩ নভেম্বর বেলা ১১টায় কলা ভবনের একটি শ্রেণিকক্ষে ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু সায়েমের পায়ের গোড়ালি কেটে দেওয়া হয়।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ১১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় প্রকাশ্যে রিভলবার ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রশিবিরের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে শিবিরের পাঁচ কর্মী আহত হন। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূঁইয়া, বহিরাগত ছাত্রলীগের নেতা নাজমুল ইসলাম ওরফে শাওন ও রোকন উদ্দিনের নেতৃত্বে ওই হামলা চালানো হয়। ছাত্রলীগের কর্মীরা ওই দিন কলেজে কয়েকটি ফাঁকা গুলি ছোড়েন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় কলেজের উচ্চমাধ্যমিক শাখার পরীক্ষার কক্ষে ঢুকে সাকিব আহমেদ নামের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়। ছাত্রলীগের কর্মী ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলাম ও আরাফাত হোসেনের নেতৃত্বে ওই হামলা চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে বহিরাগত ছাত্রলীগের কর্মীরা কলেজ ক্যাম্পাসে মহড়া দেন। একই সঙ্গে ফাঁকা গুলি ছোড়েন। কলা ভবনের প্রধান ফটক, সাইকেলস্ট্যান্ড ও রসায়ন ভবন এলাকায় ছাত্রলীগের কর্মীরা বেঞ্চ নিয়ে বসে ছাত্রীদের উত্ত্যক্ত করেন।
গত মঙ্গলবার দুপুর ১২টায় কলা ভবনের সামনে থেকে বহিরাগত ছাত্রলীগের কর্মীরা সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনোয়ার হোসেনের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যান।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমি রাষ্ট্রবিজ্ঞান স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। কলেজে ছাত্রলীগের সাংগঠনিক কাজের দেখভাল করছি।’ বহিরাগত ছাত্রলীগের নেতা-কর্মীদের অপকর্ম সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘যেসব ছাত্রলীগ নেতা-কর্মী কলেজে অপকর্ম করছে তাঁদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, কলেজ প্রশাসন যখন বলে তখনই পুলিশ কলেজে যায়। তবে হামলা ও নানা ধরনের অপকর্মের ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান বলেন, ‘ক্যাম্পাসে কোনো ঘটনা ঘটলে পুলিশকে জানানো হয়। এর বাইরে আমাদের কী করার আছে?’