বেবি-সাইকেলের ভেতর চার কেজি ২০০ গ্রাম সোনা
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার দুবাই থেকে আসা এক যাত্রীর সঙ্গে থাকা বেবি-সাইকেলের রডের ভেতর থেকে ৩৬টি সোনার বার আটক করেছে শুল্ক বিভাগ।এসব বারে মোট চার কেজি ২০০ গ্রামের মতো সোনা রয়েছে। জামালউদ্দিন নামের ওই যাত্রীকেও আটক করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিক বলেন, সকাল সাড়ে আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে করে জামালউদ্দিন ঢাকায় নামেন।
সকাল সাড়ে ১০টার দিকে তিনি বেবি-সাইকেলসহ অন্য মালামাল নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁকে আটক করা হয়। বেবি-সাইকেলের রডের ভেতরে ঢুকিয়ে সোনার বারগুলো পাচারের চেষ্টা করা হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামালউদ্দিন জানান, দুবাইয়ের এক ব্যক্তি সাইকেলটি তাঁকে ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য দিয়েছিলেন। সেখানে সোনার বার থাকার বিষয়টি তিনি জানতেন না। তিনি দুবাইয়ে থাকেন, তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।