বেলকুচিতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া গ্রামে এক ব্যক্তিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত আফছার আলী (৩৫) একই এলাকার মোক্তার হোসেনের ছেলে। পুলিশ গতকাল মঙ্গলবার সকালে ধুকুরিয়া বিলের মাঠ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
থানা-পুলিশ ও এলাকার কয়েক ব্যক্তি সূত্রে জানা গেছে, আফছার আলী এলাকায় চোর হিসেবে পরিচিত। তিনি মাঝেমধ্যে বিভিন্ন দোকানে চুরি করতেন। চুরির ঘটনায় বেশ কয়েকবার তিনি গ্রামের মানুষের হাতে লাঞ্ছিত হয়েছেন; থানা-পুলিশের হাতেও আটক হয়েছেন। গত সোমবার রাতে কে বা কারা তাঁকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে ধুকুরিয়া বিল এলাকায় ফেলে রেখে চলে যায়। গতকাল সকালে লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, এ ঘটনায় নিহত আফসারের ছোট ভাই সানোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।