বেলকুচিতে গুদাম থেকে বই চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের আগেই গত শনিবার রাতে তা গুদাম থেকে চুরি হয়েছে। তবে কতটি বই চুরি হয়েছে, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ তথ্য দিতে পারেননি।

উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সব মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য কয়েক হাজার নতুন বই একটি পরিত্যক্ত পুরোনো ঘরে রাখা হয়। বই নিতে গিয়ে গতকাল রোববার দুপুরে ওই ঘরের একটি জানালা ভাঙা দেখা যায়। পরে দেখা যায়, ঘরের এক পাশ থেকে অনেক বই নেই।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম রেজা বলেন, ধারণা করা হচ্ছে, জানালা ভেঙে কে বা কারা অনেক বই নিয়ে গেছে। মজুতের তালিকার সঙ্গে তা মেলানো হচ্ছে। কী কী বিষয়ের বই নিয়ে গেছে, গণনার পর তা জানানো যাবে। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিতরণের জন্য উপজেলা শিক্ষা কার্যালয়ের পাশে একটি গুদামে নতুন বইগুলো রাখা হয়েছিল। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অষ্টম ও নবম শ্রেণির সহস্রাধিক বই চুরি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল হাসান বলেন, এ বিষয়ে থানায় মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।