বেলকুচিতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলবওড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম হাবুল মিয়া (৩০)। তিনি ওই গ্রামের জাবেদ আলীর ছেলে।
বেলকুচি থানায় দায়ের করা মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধুলবওড়া আকন্দপাড়ার জাবেদ আলীর সঙ্গে তাঁর ভাই আবদুল মজিদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শনিবার বিকেলে বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হাবুলসহ চারজন আহত হন। তাঁদের তাৎক্ষণিকভাবে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাবুলের অবস্থার অবনতি হলে তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই সজল মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। চাচা আবদুল মজিদ ও চাচাতো ভাই মল্লুক চানকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে। হাবুলের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।