বেলকুচিতে বিএনপি ও জামায়াতের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিএনপি ও জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেলকুচি উপজেলার কল্যাণপুর গ্রামের ফরিদুল ইসলাম, কোরাইশ, আয়নাল হক, আবদুল কুদ্দুস, জুলমাত ও তাঁর ছেলে শাহ আলম, আবু সামা; চরধুল খাঘড়াখালী গ্রামের আতাহার আলী ; দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য ময়েজ উদ্দিন ও কান্দাপাড়া গ্রামের ফরহাদ।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, দেশব্যাপী নৈরাজ্য ও তাণ্ডবের ঘটনায় বেলকুচিতে বেশ কয়েকবার জামায়াত-শিবিরের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শতাধিক বাড়িঘর, দোকানপাট ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও গোলাগুলিতে জামায়াত-শিবির ও বিএনপির চারজনের প্রাণহানি হয়। এ ঘটনায় সহস্রাধিক বিএনপি ও জামায়াত-শিবিরের লোকজনকে আসামি করে বেশ কয়েকটি মামলা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা জামায়াত-শিবির ও বিএনপির সঙ্গে জড়িত। তাঁদের গতকাল সোমবার সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।