ঢাকা থেকে মোরেলগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা স্টিমার পি এস মাসউদে বেলজিয়ামের এক পুলিশ কর্মকর্তার কেবিনে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে কেবিন থেকে তাঁর আইপট, আইপ্যাড ও ক্যামেরা চুরি গেছে। এ ঘটনায় দুপুরে পিরোজপুর সদর থানায় তিনি মামলা করেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, বেলজিয়ামের বিচারিক পুলিশের কর্মকর্তা ডেভিড হেন্স স্ত্রীকে নিয়ে মঙ্গলবার বিকেলে ঢাকার সদরঘাট থেকে খুলনার উদ্দেশে স্টিমার পি এস মাসউদে ওঠেন। গতকাল সকালে তাঁদের কেবিনের কক্ষের দরজা বন্ধ করে চা-পান করতে বের হন। পরে সকাল সাড়ে আটটার দিকে কেবিনে ফিরে দেখেন একটি আইপট, আইপ্যাড ও ক্যামেরা নেই। সকাল ১০টার দিকে তাঁরা স্টিমার থেকে পিরোজপুরের হুলারহাট ঘাটে নামেন। দুপুরে পিরোজপুর সদর থানায় মামলা করেন।
এ বিষয়ে জানতে চাইলে স্টিমার মাসউদের কর্মকর্তা ইদ্রিস আলী সিরাজী গতকাল বিকেল সোয়া চারটায় প্রথম আলোকে বলেন, ‘কেবিনের চাবি ওই দম্পতির কাছেই ছিল। কেবিনের দরজা তালা মারার পরেও কীভাবে তাঁদের মালামাল চুরি হলো বুঝতে পারছি না। আমরা চুরি হওয়া মালামাল খুঁজে বের করার চেষ্টা করছি।’
মামলার তদন্তকারী কর্মকর্তা পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র দাস বলেন, চুরির ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।