বেলজিয়ামের পুলিশ কর্মকর্তার চুরি হওয়া পণ্য উদ্ধার, আটক ১
ঢাকা থেকে মোরেলগঞ্জগামী স্টিমার পি এস মাসউদে বেলজিয়ামের এক পুলিশ কর্মকর্তার কেবিন থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্টিমারের লোকজন চুরি যাওয়া আইপড ও আইপ্যাড পিরোজপুর সদর থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্টিমারের কর্মচারী আসিফ খানকে (২৩) গ্রেপ্তার করেছে।
পিরোজপুর সদর থানার এসআই ও চুরির ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র দাস বলেন, স্টিমারের ভারপ্রাপ্ত মাস্টার ইদ্রিস আলী সিরাজীর কাছে আসিফ খান চুরির মালামাল জমা দেন। এরপর পুলিশকে ঘটনাটি জানানো হলে পুলিশ আসিফকে গ্রেপ্তার করে। তবে চুরি যাওয়া ক্যামেরা এখনো উদ্ধার হয়নি। বেলজিয়ামের পুলিশ কর্মকর্তাকে উদ্ধারের খবর জানানো হয়েছে।
ইদ্রিস আলী সিরাজী বলেন, ‘চুরির ঘটনায় স্টিমারের কর্মচারীদের চাপ দেওয়ার পর গতকাল সকালে আসিফ তাঁর কাছে চুরি হওয়া মালামাল দিয়ে বলেন, স্যার এগুলো কেবিনের মধ্যে খুঁজে পেয়েছি।’