বেলাবতে নিহতের ঘটনায় এসপি প্রত্যাহার
নরসিংদীর বেলাব উপজেলার একটি মসজিদে তাবলিগ জামাতের সদস্যদের অবস্থান করতে না দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট গোলমালের সময় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় জেলা পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার যুগ্ম সচিব আ শ ম ইমদাদুদ দস্তগীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এসপি শেখ রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার এবং তাঁর জায়গায় রাঙামাটির এসপি আমেনা বেগমকে আনা হয়েছে।
রফিকুল ইসলাম বলেন, ‘এ-সংক্রান্ত কোনো কাগজ হাতে পাইনি।’ পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় এর আগে দুটি তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। কিন্তু প্রতিবেদনে গরমিল ছিল। এ নিয়ে ১৮ ডিসেম্বর প্রথম আলোয় ‘জেলা প্রশাসন ও পুলিশের তদন্তে ভিন্ন তথ্য’ শিরোনামে খবর প্রকাশিত হয়।
জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর বিকেলে বেলাবর বারৈচা বাসস্ট্যান্ড জামে মসজিদে তাবলিগ জামাতের একটি দল যায়। মসজিদটির ইমাম দলটিকে মসজিদে অবস্থান না করার ব্যাপারে এলাকাবাসীর সিদ্ধান্তের কথা জানান। এ কথা জেনে এসপি শেখ রফিকুল ইসলাম পুলিশ পাঠান। পরে কোনো অভিযোগ ছাড়াই ইমামকে গ্রেপ্তার করা হয়। এতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে এসপির নির্দেশে পুলিশ এলাকাবাসীর ওপর গুলি ছোড়ে। রিকশাচালক সেলিম মিয়া (৩৬) মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন আরও ২০ জন।
এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামাল হোসেনকে জেলা প্রশাসন ও অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মো. মোখলেছুর রহমানকে প্রধান করে জেলা পুলিশের পক্ষে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।