বেলাবতে হাউজির নামে জুয়া, দুই দিনের মাথায় ভাঙল পুলিশ
নরসিংদীর বেলাবতে প্রশাসনের অনুমতি ছাড়া হাউজির নামে জুয়া খেলা শুরুর দুই দিনের মাথায় তা বন্ধ করে দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে পুলিশ নোয়াকান্দি বাজারে স্থাপিত হাউজির প্যান্ডেল ভেঙে দেয়।
উপজেলা প্রশাসন, পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, নরসিংদী প্রেসক্লাবের একটি মহল গত রোববার রাত থেকে কোনো অনুমতি ছাড়াই ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নোয়াকান্দি বাজারে হাউজির নামে জুয়ার আয়োজন করে। স্থানীয় আবদুল জব্বার ও মজিবুর রহমান প্রেসক্লাবের পক্ষে হাউজি খেলা পরিচালনা করছিলেন। এ ঘটনায় এলাকাবাসী ও সুশীল সমাজের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও উম্মে হাবিবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম আলী সরদারকে নির্দেশ দিলে তিনি হাউজি খেলা বন্ধ ও প্যান্ডেল ভেঙে দেন।
ইউএনও উম্মে হাবিবা বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানতাম না। জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে আয়োজকেরা ওই খেলা পরিচালনা করেছিলেন। পরে এলাকার কয়েকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি জেলা প্রশাসক স্যারের সঙ্গে কথা বলি। তাঁর নির্দেশে ওসিকে হাউজি খেলা বন্ধ ও প্যান্ডেল ভেঙে দিতে বলি।’