বেল্ট খুলে পিয়নকে পেটালেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজের তিন পিয়নকে ছাত্রলীগের কর্মী পরিচয়ধারী কয়েকজন প্রকাশ্যে পিটিয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বেলা ১১টার দিকে ছাত্রলীগের তিন কর্মী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের কক্ষের সামনে গিয়ে কর্তব্যরত পিয়নকে টেলিফোন না ধরার কারণ জানতে চান। তিনি ‘কাজ ছিল’ বলে টেলিফোন ধরতে না পারার বিষয়টি এড়িয়ে গেলে ছাত্রলীগের তিন কর্মী কোমরের বেল্ট খুলে তাঁকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। তাঁর চিৎকার শুনে পাশের কক্ষ থেকে আরও দুজন পিয়ন ছুটে এলে ওই দুজনকেও একইভাবে পেটানো হয়। খবর পেয়ে কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, মারধরকারী তিনজন বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হলেও নিজেদের ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দেন। এ কারণে উপস্থিত শিক্ষকেরাও কিছু বলেননি। পরে অধ্যক্ষের কক্ষে তাঁদের ডেকে নিয়ে ঘটনা আপস করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, পিয়নকে মারধর করার কারণ জানতে চাইলে তাঁরা জানান, বাংলা বিভাগের দপ্তরে একাধিকবার টেলিফোন করার পরও ওই পিয়ন টেলিফোন ধরেননি। এ ক্ষোভ থেকে তাঁরা মারধর করেছেন।
এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিষয়টি ভুল-বোঝাবুঝি থেকে হয়েছে জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘটনার জন্য দুঃখ প্রকাশ করায় নিষ্পত্তি করে দেওয়া হয়েছে।’ ছাত্রলীগের কর্মীরা মারধর করেছে কি না—এ ব্যাপারে তিনি বলেন, ‘ছাত্রলীগ কর্মী কি না, জানি না; আমাদের কাছে তাদের পরিচয় ছাত্র।’