বেশি দামে জামা বিক্রির দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ভেজাল ঘি তৈরির একটি কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নোংরা পরিবেশে বেকারিপণ্য ও চানাচুর উৎপাদন এবং তা সংরক্ষণ করার দায়ে খুলনায় জরিমানা করা হয়েছে তিনটি বেকারিকে। এ ছাড়া সেখানে অযৌক্তিক দামে পোশাক ও প্রসাধনী বিক্রির দায়ে বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন আদালত। গতকাল শনিবার এসব অভিযান চালানো হয়।
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন বিসিক শিল্প এলাকার গলিতে ভেজাল ঘি তৈরির কারখানাটিতে অভিযান চালানো হয় গতকাল বিকেলে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম। সহযোগিতা করেন পুলিশ সদস্য ও বিএসটিআইয়ের কর্মকর্তারা।
নামহীন ওই কারখানা থেকে ‘এপি-১ ঘি’ ও ‘টেস্টি ঘি’ লেবেল লাগানো ১ হাজার ১১৬টি ভেজাল ঘিভর্তি কৌটা, প্রায় আড়াই হাজার খালি কৌটা ও দুই মণ পামওয়েল উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম বলেন, কারখানাটির কোনো ছাড়পত্র নেই। অভিযানের খবর পেয়ে কারখানার লোকজন পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ভেজাল ঘিভর্তি কৌটা ও খালি কৌটাগুলো জব্দ করা হয়। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। খুলনায় নোংরা পরিবেশে বেকারিপণ্য ও চানাচুর উৎপাদন এবং তা সংরক্ষণ করার দায়ে তিনটি বেকারিকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে নগরের সোনাডাঙা, লবণচরা ও সদর থানা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে। এর মধ্যে পপুলার বেকারিকে ২০ হাজার, অপু চানাচুরকে ৩০ হাজার ও নিউ রাজধানী বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানে নেতৃত্ব দেন। সহযোগিতা করে খুলনার র্যাব-৬ ও পরিবেশ অধিদপ্তর।
খুলনার ডাকবাংলো এলাকার ‘আবুল ব্রাদার্স’ নামের দোকানে ১ হাজার ৪০০ টাকার শার্ট বিক্রি হচ্ছিল ২ হাজার ৬০০ টাকায়। ৩ হাজার ৬০০ টাকার পোশাক বিক্রি হচ্ছিল ৫ হাজার ৬০০ টাকায়। বাচ্চাদের পোশাক, ব্যাগ, প্রসাধনেও দ্বিগুণ লাভ করছিলেন মালিক। অযৌক্তিক দামে এভাবে পোশাক ও প্রসাধনী বিক্রির কারণে দোকানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আতিকুল ইসলাম। এ ছাড়া নিউমার্কেটে অবস্থিত ফ্যাশন হাউস ‘অঞ্জনস’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেখানে ভুল কোড দেখিয়ে রসিদের মাধ্যমে ২ হাজার ৩০০ টাকার শাড়ি ৩ হাজার ১০০ টাকা রাখা হয়। একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. মশিউর রহমান সেখানে আদালত পরিচালনা করেন। খুলনা সিটি করপোরেশনের প্রতিনিধি ও সদর থানা-পুলিশ অভিযানে সহায়তা করে।
নির্বাহী হাকিম আতিকুল ইসলাম বলেন, অভিযান শুরুর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বিপণিবিতানের দোকানদারদের সতর্ক করা হয়েছিল। কিন্তু অভিযানে দেখা গেছে, অনেক মালিকই প্রকৃত দামের তুলনায় অনেক বেশি দামে পোশাক বিক্রি করে ক্রেতাদের ঠকিয়ে যাচ্ছেন। অভিযান নিয়মিত চলবে।