গত এক দশকে সরকারের সাতটি প্রকল্পের কাজ করে প্রায় ১২৬ কোটি টাকা পেশাদারি ফি নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এর মধ্যে প্রায় ৯০ কোটি টাকা খরচে অনিয়ম পেয়েছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়।
সরকারি প্রকল্পের অবকাঠামো নির্মাণের জন্য বহু বছর ধরেই সার্ভিস চার্জ বা পেশাদারি ফি নিচ্ছে এলজিইডি। ১৯৯৮ সালের ২০ জুলাই অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, এলজিইডি প্রকল্পের যত টাকার কাজ করে, তার ২ শতাংশ হারে পেশাদারি ফি নেয়। শর্ত ছিল, প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন ও তদারকির জন্য আপৎকালীন প্রয়োজনে এ টাকা খরচ করা যাবে। যন্ত্রপাতি কেনাকাটা বা বেতন-ভাতায় টাকা খরচ করতে গেলে প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) উল্লেখ করে অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে।
সম্প্রতি সিএজির বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তরের (ফাপাড) নিরীক্ষায় দেখা যায়, একনেকের শর্ত ভেঙে এলজিইডি পেশাদারি ফি খরচ করছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে তারা পেশাদারি ফি থেকে প্রকল্পের অননুমোদিত জনবলের বেতন-ভাতা মিটিয়েছে, যন্ত্রপাতি কিনেছে ও নির্মাণকাজ করেছে। গত মে থেকে জুলাই পর্যন্ত এ নিরীক্ষা করে অক্টোবরে স্থানীয় সরকারসচিবের কাছে প্রতিবেদন পাঠায় ফাপাড।
২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ছয়টি ও নির্বাচন কমিশনের একটি প্রকল্প বাস্তবায়ন করে এলজিইডি ১২৫ কোটি ৯০ লাখ টাকা পেশাদারি ফি নিয়েছে। এর মধ্যে শুধু প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-২ ও ৩) থেকেই নিয়েছে ৮৫ কোটি ৬০ লাখ টাকা।
বেতন-ভাতায় ৪৮ কোটি: নিরীক্ষা প্রতিবেদন অনুসারে, পিইডিপি-২ ও ৩-এর এলজিইডি অংশে জনবলের কোনো সংস্থান ছিল না। তবুও ২০০৪ থেকে ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত এ দুটি প্রকল্পের পেশাদারি ফি থেকে প্রায় চার শতাধিক অননুমোদিত জনবলের বেতন-ভাতা বাবদ ৪৮ কোটি টাকা খরচ করেছে এলজিইডি। প্রতিষ্ঠানটির কাজ শেষ হয়ে যাওয়া বিভিন্ন প্রকল্পের অস্থায়ী ও চাকরিচ্যুত এসব কর্মীর বেশির ভাগ এমএলএসএস, গাড়িচালক প্রভৃতি পদের।
নিরীক্ষা অধিদপ্তরের এ আপত্তির জবাবে এলজিইডি বলেছে, প্রকল্পের অধীনে নতুন জনবল নিয়োগ দেওয়া হয়নি, আগের জনবলই বহাল রাখা হয়েছে। প্রকল্পের স্বার্থে এ অর্থ খরচ করা হয়েছে। নিরীক্ষা অধিদপ্তর বলছে, যাদের বেতন-ভাতা দেওয়া হয়েছে, তাদের বেশির ভাগ অকারিগরি পদের। প্রকল্প তদারকির সঙ্গে তাদের সম্পর্ক নেই।
নির্মাণ ও যন্ত্রপাতি কেনা: প্রতিবেদন অনুসারে, ডিপিপিতে সংস্থান ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই নির্মাণকাজে সাড়ে আট কোটি ও যন্ত্রপাতি কিনতে সাত কোটি টাকা পেশাদারি ফি থেকে খরচ করেছে এলজিইডি। এর মধ্যে আগারগাঁওয়ে এলজিইডির এক্সেন ভবনের সাততলা থেকে ১০ তলা বাড়ানোর কাজে খরচ হয়েছে সোয়া সাত কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরে এ টাকা খরচ করা হয়। একই সময়ে চট্টগ্রামে এলজিইডির পুরোনো কার্যালয়কে কর্মকর্তাদের বাসভবনে পরিণত করতে এবং ফরিদপুরে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বাসভবন নির্মাণের জন্য সোয়া এক কোটি টাকা পেশাদারি ফি থেকে খরচ করা হয়। এ ছাড়া প্রায় সাত কোটি টাকার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেমন: ফটোকপি মেশিন, কম্পিউটার, জেনারেটর, প্যাসেঞ্জার লিফট, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, ফ্যাক্স মেশিন ইত্যাদি পেশাদারি ফি খরচ করে কেনা হয়েছে।
সমবায় সমিতিকে এক কোটি ৩৫ লাখ: নিরীক্ষা প্রতিবেদন অনুসারে, ২০১২-১৩ অর্থবছরে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি মহাসড়ক রেস্তোরাঁ ও সাবস্টেশন নির্মাণের জন্য পেশাদারি ফি থেকে এক কোটি ৩৫ লাখ টাকা খরচ করেছে এলজিইডি। এ মহাসড়ক স্টেশনটির মালিক এলজিইডি কল্যাণ সমবায় সমিতি। এলজিইডির কর্মকর্তারা এই সমিতির সদস্য।
এ আপত্তির জবাবে এলজিইডি বলেছে, জনস্বার্থে ওই মহাসড়ক স্টেশন নির্মিত হয়েছে, যা থেকে সরকারের রাজস্ব আয় হবে। নিরীক্ষা অধিদপ্তরের মন্তব্য, সমবায় সমিতি কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, ফলে এর আয় সরকারি কোষাগারে জমা হওয়ার কোনো সুযোগ নেই।
পেশাদারি ফি নিয়েই প্রশ্ন: এলজিইডির পেশাদারি ফি নেওয়ার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছে নিরীক্ষা অধিদপ্তর। তারা বলছে, এলজিইডির কাজই হলো সরকারের গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা। এ জন্য তারা পেশাদারি ফি নিতে পারে না। এ টাকা খরচের কোনো নীতিমালাও এলজিইডির নেই। তার পরও তারা ফি নিচ্ছে ও অপব্যবহার করছে।
নিরীক্ষা অধিদপ্তরের সঙ্গে একমত পোষণ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, এলজিইডি একটি সরকারি প্রতিষ্ঠান। একটি সরকারি প্রতিষ্ঠান আরেকটি সরকারি প্রতিষ্ঠানের প্রকল্প বাস্তবায়নের জন্য বিশেষ ফি নিতে পারে না। এটা অনৈতিক।