পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে গত শনিবার এক অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন। এ ঘটনায় ক্লিনিকের মালিকসহ চারজনের নামে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই নারীর নাম জুলেখা বেগম (৩২)। জুলেখা বেগমের স্বামী আলাউদ্দিন কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। আলাউদ্দিন বলেন, তাঁদের তিনটি সন্তান আছে। জুলেখা আবার অন্তঃসত্ত্বা হলে তাঁরা গর্ভপাত করার সিদ্ধান্ত নেন। গত শনিবার ক্লিনিকে গেলে সেবিকা মমতাজ আক্তার গর্ভপাত করার জন্য ১০ হাজার টাকা চান। পরে তিনি আড়াই হাজার টাকায় রাজি হন। সেবিকা এরপর জুলেখাকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে যান। এর কিছুক্ষণ পর তিনি দেখেন, ক্লিনিকের কর্মীরা দ্রুত জুলেখাকে অস্ত্রোপচারকক্ষ থেকে বের করে মাইক্রোবাসে তুলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিছু বুঝে ওঠার আগেই তিনি দেখেন তাঁর স্ত্রী মারা গেছেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আশরাফুল ইসলাম বলেন, জুলেখা বেগম চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ পর্যায়ে গর্ভপাত করা ঠিক নয়। এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। জুলেখা বেগমকে মাইক্রোবাসে করে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তিনি মারা গেছেন।
আলেয়া ক্লিনিকের একজন মালিক মো. আমিনুল ইসলাম বলেন, জুলেখা বেগম অসুস্থ অবস্থায় এখানে এসেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য জুলেখা ক্লিনিকে অপেক্ষা করছিলেন। এর মধ্যে তিনি আরও বেশি অসুস্থ হয়ে মারা যান। তা ছাড়া তাঁদের ক্লিনিকে কখনো গর্ভপাত করা হয় না।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ বলেন, জুলেখার স্বামী আলাউদ্দিন এ ঘটনায় ক্লিনিকের মালিক মো. শফিকুল ইসলাম ও মো. আমিনুল ইসলাম, সেবিকা মমতাজ আক্তার এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট টিটুকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ইতিমধ্যে শফিকুল ও মমতাজকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা বলেন, নানা ধরনের অভিযোগ ওঠায় পটুয়াখালীর সিভিল সার্জনের কার্যালয় থেকে অভিযান চালিয়ে এর আগে এ ক্লিনিকটি দুবার সিলগালা করে দেওয়া হয়েছিল।
পটুয়াখালীর সিভিল সার্জন মো. আবদুল মজিদ মুঠোফোনে বলেন, তিনি দুদিন আগে কাজে যোগ দিয়েছেন। তিনি এসব ক্লিনিকের ব্যাপারে খোঁজখবর নেবেন। এদের কাগজপত্র ঠিক আছে কি না, তা যাচাই করে দেখবেন। ত্রুটি থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।