বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদাবর এলাকা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, এটি একটি হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িত লোকদের চিহ্নিত ও গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে।
নিহত ছাত্রের নাম শিহাবুল ইসলাম খান (২৫)। তাঁর বাবা সিরাজুল ইসলাম খান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা। তাঁদের বাড়ি মাদারীপুরের শিবচরে। শিহাব ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
আদাবর থানা সূত্রে জানা যায়, আদাবর শেখেরটেকের ৩ নম্বর সড়কের প্রমিনেন্ট হাউজিংয়ের ২৪ নম্বর ভবনের তৃতীয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন শিহাব। গত বুধবার তাঁর বাবা-মা, এক ভাই ও বোন তাঁকে বাসায় রেখে গ্রামের বাড়িতে যান। শুক্রবার রাতে ফিরে এসে শিহাবের কক্ষের দরজা বন্ধ পান।
আদাবর থানার এএসআই মো. স্বপন মিয়া বলেন, পরিবারের সদস্যরা বলছেন, তাঁরা ভেবেছিলেন শিহাব ঘুমিয়ে আছেন। তাই ডাকাডাকি করেননি। কিন্তু গতকাল শনিবার ভোরে ওই কক্ষ থেকে লাশ পচা গন্ধ বের হওয়ায় মিস্ত্রি এনে তাঁরা ঘরের দরজা খোলেন। শিহাবের লাশ তাঁর বিছানার ওপর পড়ে থাকতে দেখেন।
স্বপন মিয়া বলেন, শিহাবকে চাপাতিজাতীয় ধারালো কিছু দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁর হাতেও অস্ত্রের দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লাশটি কিছুটা পচে গেছে।