রাজধানীর বেসরকারি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বিদেশি শিক্ষার্থীকে লাঞ্ছিত করায় কলেজেরই ছয়জন ছাত্রকে বিভিন্ন মেয়াদের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। অন্য চারজনকে সতর্ক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে কলেজ কর্তৃপক্ষ প্রথম আলোকে এ তথ্য জানায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, তিন ছাত্রকে তিন বছরের জন্য, দুজনকে দুই বছরের জন্য এবং একজন ছাত্রকে এক বছরের জন্য কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। অপরাধ কম বিবেচনায় অন্য চারজনকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কমিটির তদন্ত প্রতিবেদন এবং একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
উত্তরার এই কলেজের সামনে থেকে ৪ মার্চ সকালে ওপরের শ্রেণির কয়েকজন ছাত্র এক বিদেশি ছাত্রীকে একটি প্রাইভেট কারে করে তুলে নিয়ে যান। এমবিবিএস প্রথম বর্ষের ওই ছাত্রীর বাড়ি ভারতের কাশ্মীরে। ওই ছাত্রীকে পরে কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। তারপর ওই ছাত্রী দেশে চলে যান। ওই ঘটনা নিয়ে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।
অধ্যক্ষ জানান, কলেজ কর্তৃপক্ষ তিনজন অধ্যাপককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি উত্তরা পশ্চিম থানাতে মামলাও করে। অধ্যাপকদের তদন্ত কমিটি গত সপ্তাহে রিপোর্ট জমা দিয়েছে অধ্যক্ষের কাছে। সেই রিপোর্টের ভিত্তিতে কলেজের একাডেমিক কাউন্সিল ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ প্রশাসনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, ‘পুলিশের পদক্ষেপের অপেক্ষায় আমরা বসে থাকিনি। কলেজের নিজস্ব তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছি। কারণ এর সঙ্গে কলেজ ও দেশের সম্মান জড়িত।’