বেসরকারি হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ, গৃহবধূর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে শ্লীলতাহানির ঘটনায় রনি খাতুন (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার মিরপুর উপজেলায় নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।  

গৃহবধূর স্বামী মাসুম আলীর বাড়ি উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের নওদা গোপালপুর গ্রামে।

মাসুম আলী বলেন, ‘স্ত্রীর বুকে ব্যথার চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে তাঁকে নিয়ে কুষ্টিয়া শহরের মজমপুরে একতা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যাই। চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করার পরামর্শ দেন। বেলা দেড়টার দিকে আমরা সনোলজিস্ট রবিউল ইসলামের কক্ষে যাই। পরীক্ষার জন্য রনিকে একটি কক্ষে নেওয়া হয়। প্রায় ২০ মিনিট পর রনি কাঁদতে কাঁদতে বের হয়ে আসেন। জিজ্ঞাসা করলে রনি বলেন, ডাক্তার (সনোলজিস্ট) তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন। সেখানকার চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। তাঁরা বলেন, এখানে পুরুষ চিকিৎসক দিয়েই আল্ট্রাসনোগ্রাম করানো হয়। পরে বাড়ি ফিরে আসি।’ 

মাসুম আলীর ভাষ্যমতে, বিকেলে তিনি বাড়ির বাইরে যান। রনির আত্মহত্যার খবর শুনে বাড়িতে ফিরে আসেন। টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন। পরে রাতে পুলিশ বাড়িতে আসে। 

স্থানীয় তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপসহকারী পরিদর্শক (এএসআই) দিদারুল আলম বলেন, বাড়ির লোকজনের অভিযোগ না থাকায় গৃহবধূর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার তাঁরা মরদেহ দৌলতপুর উপজেলায় নিয়ে গেছেন।     

সনোলজিস্ট রবিউল ইসলাম দাবি করেন, ‘কক্ষের সামনে ১৫-২০ জন রোগী থাকেন। মেয়েটিকে মাত্র দেড় মিনিটে আল্ট্রাসনোগ্রাম করা হয়েছিল।  তাঁদের অভিযোগের সত্যতা নেই। কোনো মেয়ে আপত্তি জানালে তাঁর আল্ট্রাসনোগ্রাম করা হয় না। শ্লীলতাহানির প্রশ্নই আসে না।’ হাসপাতালের পরিচালক সাইদুল ইসলাম দাবি করেন, ওই গৃহবধূর পরিবার এ ব্যাপারে তাঁদের কাছে কোনো অভিযোগ দেয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান বলেন, মাসুম আলীর ভাষ্য শুনেছি।  তাঁর স্ত্রীর সঙ্গে চিকিৎসক অশোভন আচরণ করেছেন বলে তিনি অভিযোগ করেছেন। এ জন্য মানসিকভাবে ওই গৃহবধূ বিপর্যস্ত ছিলেন। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের জন্য আরও তদন্ত করা হবে।