বেসিক ব্যাংক কেলেঙ্কারি: আজ মামলা হতে পারে
বেসিক ব্যাংকে অনিয়ম ও দুর্নীতির ঘটনায় অবশেষে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার শেষ বিকেলে রাজধানীর রমনা থানায় মামলা হতে পারে বলে দুদক সূত্র প্রথম আলোকে জানিয়েছে।
সূত্রটি জানায়, মামলার সংখ্যা নির্ভর করছে এজাহার তৈরি ওপর। গত কয়েকদিন ধরে অনুসন্ধান দলের সদস্যরা মামলার এজাহার তৈরিতে ব্যস্ত ছিলেন। দিন শেষে যে কয়টি এজাহার তৈরি হবে সে কয়টি মামলা হবে। তাই মামলার সংখ্যা এদিক ওদিকও হতে পারে। বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় দুদক ৫৬টি মামলা অনুমোদন করলেও আজ ১৫টি মামলা হতে পারে। কাল ও পরশু বাকি মামলাগুলোও হতে পারে।
বেসিক ব্যাংকে প্রায় চার হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনায় দীর্ঘ অনুসন্ধান শেষে গত ৮ সেপ্টেম্বর ৫৪ মামলা অনুমোদন দেয় কমিশন। পরে আরও দুটি মামলার অনুমোদন দেওয়া হয় বলে দুদক সূত্র জানিয়েছে। এই কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম ব্যাপকভাবে উচ্চারিত হলেও কোনো মামলায় তাকে আসামি করা হচ্ছে না।
তবে অধিকাংশ মামলাতেই ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফখরুল ইসলামকে আসামি করা হচ্ছে। এ ছাড়া বেসিক ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়া প্রতিষ্ঠানগুলোর এমডি, চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তা রয়েছেন অভিযুক্তের তালিকায়। কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫৬ কোম্পানির ৭৪ জনকে আসামি করা হচ্ছে। এর সঙ্গে বিভিন্ন পর্যায়ের ২০ জন ব্যাংক কর্মকর্তার নাম থাকছে আসামির তালিকায়। কোম্পানি মালিক ও ব্যাংক কর্মকর্তা মিলে মোট আসামি হচ্ছেন ১০০ জনের মতো।
দীর্ঘদিন ‘কার্যত’ বন্ধ থাকার পর জুলাই মাসে বেসিক ব্যাংকের জালিয়াতির ঘটনা অনুসন্ধানে সক্রিয় হয় দুদক। জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বেসিক ব্যাংক নিয়ে আলোচনা এবং ৭ জুলাই সচিবালয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের পর থেকে দুদক অনেকটাই নড়েচড়ে বসে। অনুসন্ধানের প্রক্রিয়া শেষ করে দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় অনুসন্ধান দলকে।
দুদক সূত্র জানিয়েছে, তাড়াহুড়ো করে প্রতিবেদন জমা দিতে গিয়ে অনেকটা দায়সারা গোছের প্রতিবেদন তৈরি করা হয়। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাইকে বাদ দিয়ে দ্রুত প্রতিবেদন তৈরি করে অনুসন্ধান দল। অথচ বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে অর্থ আত্মসাতের জন্য শেখ আবদুল হাই দায়ী-এ কথা বলা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও ব্যাংকটিতে ‘হরিলুটের’ পেছনে আবদুল হাই জড়িত বলে একাধিকবার উল্লেখ করেন। তবে জাতীয় পার্টির নেতা হলেও উচ্চপর্যায়ের যোগাযোগের কারণেই তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
গণমাধ্যমে আবদুল হাইকে বাদ দিয়ে প্রতিবেদন তৈরির বিষয়ে নিয়মিত লেখালেখি শুরু হলে কিছুদিন থমকে যায় অনুসন্ধান দলের কাজ। উচ্চপর্যায়ের সবুজ সংকেতের অপেক্ষায় থেকে অবশেষে কমিশনের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে। সেখানে আবদুল হাই ও পরিচালনা পর্ষদের সদস্যদের বাদ দেওয়া হয়েছে।
সূত্রটি জানায়, অনুসন্ধান প্রতিবেদনে বেসিক ব্যাংকের চারটি শাখায় ঋণ জালিয়াতির ঘটনায় আলাদা মামলার সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে যাঁদের বিরুদ্ধে মামলার সুপারিশ রয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য আছেন বেসিক ব্যাংকের সাবেক এমডি কাজী ফখরুল ইসলাম, পাঁচজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. সেলিম, এমদাদুল হক, ফজলুল সোবহান, কনক কুমার পুরকায়স্থ ও এ মুনায়েম খান, প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটির মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান ও শাহজাহান মোল্লা, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খান ইকবাল হাসান, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আশরাফুজ্জামান, ব্যাংকের শান্তিনগর শাখার ব্যবস্থাপক মো. জালাল উদ্দিন, এজিএম এস এম আনিসুর রহমান চৌধুরী, সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ আলী, গুলশান শাখার শাখা ব্যবস্থাপক শিপার আহমেদ, এ শাখার ক্রেডিট ইনচার্জ এস এম জাহিদ হাসান প্রমুখ।
এ ছাড়া ওয়েল সোয়েটার্স, মদিনা হার্ডওয়্যার স্টোর, সোহেল ট্রেডিং এজেন্সি, টোকিও এজেন্সি, টোকিও নিট গার্মেন্টস, ভারনারেবল এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ, ক্লাসিক অ্যাকসেসরিজ, ডেলটা সিস্টেমস, এআরএসএস এন্টারপ্রাইজ, ব্রাদার্স এন্টারপ্রাইজ, এবি ট্রেড লিংক, মেসার্স আর কে ফুড লিমিটেড, মেসার্স নিমেক্স লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে।