বেসিক ব্যাংক জালিয়াতির মামলায় সার্ভেয়ার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় করা একটি মামলায় একটি সার্ভে প্রতিষ্ঠানের প্রধান মো. শাহজাহান আলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মো. শাহজাহান আলী রুপসা সার্ভেয়ার্সের প্রধান সার্ভেয়ার ও ব্যবসায়িক অংশীদার। বেসিক ব্যাংক জালিয়াতির ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি।

দুদকের জনসংযোগ বিভাগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পরিচালক ইকবাল হোসেনের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা ও সংস্থার উপসহকারী পরিচালক আ স ম শাহ আলম মো. শাহজাহান আলীকে গ্রেপ্তার করেন।
দুদক সূত্র জানায়, গত বছরের ২১ সেপ্টেম্বর পল্টন থানায় দুদকের করা মামলায় এজাহারভুক্ত আসামি শাহজাহান আলী। ওই মামলার এজাহারে বলা হয়েছে, সৈয়দ ট্রেডার্সের ১৮ কোটি ৬৭ লাখ টাকার সম্পত্তিকে ৩৬ কোটি ৭৫ লাখ টাকার সম্পদ দেখিয়ে মিথ্যা জরিপ প্রতিবেদন দিয়েছেন শাহজাহান আলী। এর মাধ্যমে বেসিক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে সৈয়দ ট্রেডার্স ৪০ কোটি টাকা ঋণ নেয়, যা বর্তমানে সুদাসলে ৫৭ কোটি ৭২ লাখ টাকায় দাঁড়িয়েছে। শাহজাহান আলী সৈয়দ ট্রেডার্সকে ওই অর্থ আত্মসাতে সহায়তা করেছেন।