বেসিক ব্যাংক ডিজিএমের সম্পদ অনুসন্ধানে দুদক
বেসিক ব্যাংকের চাকরিচ্যুত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শিপার আহমেদের সম্পদ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংকটির ঋণ জালিয়াতির ঘটনায় গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালত ইতিমধ্যে তিনিসহ ব্যাংকের আরও দুই শীর্ষ কর্মকর্তাকে রিমান্ডের অনুমোদন দিয়েছেন।
দুদক সূত্র জানায়, বেসিক ব্যাংক ঋণ জালিয়াতির সময় ব্যাংকটির গুলশান শাখার শাখাপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন শিপার আহমেদ। ওই সময় জাল কাগজপত্র বন্ধক রেখে ভুয়া ব্যবসাপ্রতিষ্ঠানকে ঋণ প্রদান ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে অনুসন্ধানের আদেশ দেয় দুদক। উপপরিচালক মাহবুবুল আলম ও উপসহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।
দুদকের এ দুই কর্মকর্তা প্রাথমিক অনুসন্ধান শেষে কমিশনে প্রতিবেদন জমা দিয়েছেন বলে দুদক সূত্র জানিয়েছে। ঋণ জালিয়াতির ঘটনায় শিপার আহমেদের বিরুদ্ধে ইতিমধ্যে ২১টি মামলা হয়েছে। এসব মামলা তদন্তাধীন থাকায় শিপার আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের ওপর জোর দিয়েছেন দুই অনুসন্ধান কর্মকর্তা। এ দুই কর্মকর্তা তাঁদের প্রাথমিক প্রতিবেদনে শিপার আহমেদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারির সুপারিশ করেছেন বলে দুদক সূত্র জানিয়েছে। কমিশনের অনুমোদন পেলে শিগগিরই শিপার আহমেদের আয়-ব্যয় ও সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করবে দুদক।
বেসিক ব্যাংকের মানবসম্পদ বিভাগের কার্যক্রম নিয়ে একটি বিশেষ নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শিপার আহমেদ ২০১১ সালের ২৪ জানুয়ারি বেসিক ব্যাংকে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে যোগ দেন। ব্যাংকের সব ধরনের নিয়মনীতি লঙ্ঘন করে মাত্র সাত মাসের মাথায় ডিজিএম হিসেবে পদোন্নতি পান ও গুলশান শাখার দায়িত্ব পান। ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯৬ তম সভায় ওই পদোন্নতি দেওয়া হয়।
ওই নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, বড় ধরনের জালিয়াতির ক্ষেত্র তৈরির লক্ষ্যে সব ধরনের নিয়মকানুন, নীতিমালাকে নির্বাসনে পাঠিয়েছিল শেখ আবদুল হাই ওরফে বাচ্চুর নেতৃত্বাধীন বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যাংকটির শীর্ষ কর্তারা। অফিসার থেকে শুরু করে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে ৫৭ জন কর্মকর্তাকে অযৌক্তিক ও অনৈতিকভাবে পদোন্নতি দিয়েছে। এখতিয়ার না থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও মানবসম্পদ বিভাগ অবৈধ সুবিধা নিয়েছে। ওই ৫৭ কর্মকর্তার মধ্যে শিপার আহমেদ একজন।